‘কোটা বিরোধী আন্দোলনের নামে সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির’ প্রতিবাদে পৌর ছাত্রলীগ আয়োজিত ছাত্র সমাবেশে হামলা করে পদ হারিয়েছেন জামালপুর জেলা ছাত্রলীগের সদস্য তানজিদ ইসলাম। দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে তাকে পদ থেকে অব্যবহিত দেওয়া হয়েছে বলে জানিয়েছে জেলা ছাত্রলীগ।
মঙ্গলবার (১৭ জুলাই) রাত ৯টার দিকে জেলা ছাত্রলীগের সভাপতি খাবীরুল ইসলাম খান বাবু এবং সাধারণ সম্পাদক নাফিউল করিম রাব্বি স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে তানজিদ ইসলামকে (সদস্য, বাংলাদেশ ছাত্রলীগ, জামালপুর জেলা শাখা) অব্যাহতি প্রদান করা হল। একই সাথে তাকে স্থায়ীভাবে বহিষ্কারের জন্য বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদকে সুপারিশ করা হলো। সদ্য বহিষ্কৃত ছাত্রলীগ নেতা তানজিদ ইসলাম কারাগারে থাকায় তার বক্তব্য নেওয়া যায়নি।
এ বিষয়ে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাফিউল করীম রাব্বি বলেন, পৌর ছাত্রলীগের শান্তিপূর্ণ সমাবেশ হামলা চালিয়ে সমাবেশ পণ্ড করে দেয়। তাদের হামলায় পৌর ছাত্রলীগের তিন নেতা-কর্মী আহত হয়। এতে দলীয় ভাবমূর্তি ক্ষুণ্ণ ও শৃঙ্খলা ভঙ্গ হওয়ায় তাকে দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
এর আগে গত ১৬ জুলাই সকাল সাড়ে ১১টার দিকে স্টেশন চত্বরে পৌর আওয়ামী লীগ নেতা মোয়াজ্জেম হোসেনের নেতৃত্বে হামলা চালায় সন্ত্রাসীরা। এ হামলায় জেলা ছাত্রলীগের সদস্য তানজিদ ইসলাম অংশ নেন। হামলায় পৌর ছাত্রলীগের উপ-দপ্তর সম্পাদক শাহরিয়ার ইসলাম নিরবসহ ৩ ছাত্রলীগ নেতা আহত হয়। পুলিশ ঘটনাস্থল থেকে তানজিদ ইসলামকে আটক করে।
এ প্রসঙ্গে জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহব্বত কবীর বলেন, ছাত্রলীগের সমাবেশে হামলার ঘটনায় পৌর ছাত্রলীগের সভাপতি ফাহিম মোস্তাফিজ এলিট বাদী হয়ে ১৪ জনকে আসামী করে মামলা দায়ের করেছেন। মামলার এজাহারভুক্ত তানজিদ ইসলামকে ঘটনাস্থল থেকে আটক করা হয়। তাকে এই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে। বাকিদের গ্রেপ্তারে চেষ্টা অব্যাহত রয়েছে।
