ফ্রান্সের কাছে ক্ষমা চাইলো আর্জেন্টিনা

আপডেট : ২৩ জুলাই ২০২৪, ১০:০৮ পিএম

কোপা আমেরিকার শিরোপা জয়ের পর ফ্রান্সের ফুটবলারদের নিয়ে অত্যন্ত অপমানজনক ও বর্ণবিদ্বেষী ভাষা ব্যবহার করে গান গেয়েছিলেন আর্জেন্টিনার মিডফিল্ডার এনজো ফার্নান্দেজ ও তাঁর কয়েকজন সতীর্থ। শুধু তা-ই নয়, আর্জেন্টিনার ভাইস প্রেসিডেন্ট ভিক্তোরিয়া ভিয়ারুয়েল ফ্রান্সকে ‘ঔপনিবেশিক’ ও ‘দ্বিচারী’ রাষ্ট্র বলেছিলেন। এ ঘটনায় ফ্রান্স সরকারের কাছে ক্ষমা চেয়েছে আর্জেন্টিনা সরকার।

আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের মিলেইয়ের দপ্তর জানিয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইস প্রেসিডেন্ট ভিয়ারুয়েলের বিতর্কিত মন্তব্যের ব্যাপারে ব্যাখ্যা করতে একজন জ্যেষ্ঠ কর্মকর্তাকে ফরাসি দূতাবাসে পাঠানো হয়েছিল। সেই কর্মকর্তা দূতাবাসকে জানান, ভিয়ারুয়েলের মন্তব্য ছিল একান্ত ব্যক্তিগত।

কিলিয়ান এমবাপ্পে-উসমান দেম্বেলেদের অপমান করে ফার্নান্দেজের গান গাওয়া নিয়ে ফিফা ও তাঁর ক্লাব চেলসি কদিন আগে তদন্ত শুরু করেছে। ১৫ জুলাই কলম্বিয়াকে হারিয়ে আর্জেন্টিনা কোপা আমেরিকায় চ্যাম্পিয়ন হওয়ার পর টিম বাসে দলীয় উদ্‌যাপনের লাইভ ভিডিও করার সময় গানটি গেয়েছিলেন ফার্নান্দেজ। ভিডিওটি দ্রুত ছড়িয়ে পড়লে তিনি তীব্র সমালোচনার মুখে পড়েন। অবস্থা বেগতিক দেখে পোস্টটি মুছে ফেলে ক্ষমাও চেয়ে নেন ২৩ বছর বয়সী মিডফিল্ডার।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত