সাবিনারা আজ নামছেন ভুটানের বিপক্ষে

আপডেট : ২৪ জুলাই ২০২৪, ০১:১২ এএম

অক্টোবরের নারী সাফ চ্যাম্পিয়নশিপ সামনে রেখে প্রস্তুতির অংশ হিসেবে আজ ভুটানের রাজধানী থিম্পুতে স্বাগতিকদের বিপক্ষে ফিফা প্রীতি সিরিজের প্রথম ম্যাচ খেলতে নামছে বাংলাদেশ নারী ফুটবল দল। চ্যাংলামিথাং স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে স্থানীয় সময় সন্ধ্যা ৬টায়। ২৭ জুলাই সিরিজের দ্বিতীয় ম্যাচ একই মাঠে অনুষ্ঠিত হবে।

৩১ মে ও ৩ জুন ঘরের মাঠে র‌্যাংকিংয়ে ১০০ ধাপ এগিয়ে থাকা চিনা তাইপের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলেছিলেন পিটার জেমস বাটলারের শিষ্যরা। প্রথম ম্যাচে ৪-০তে নাস্তানাবুদ হওয়ার পর দ্বিতীয় ম্যাচে ভালো লড়াই করে বাংলাদেশ। শেষ পর্যন্ত ম্যাচটা ১-০ গোলে হারলেও বাংলাদেশের খেলায় ছিল প্রতিদ্বন্দ্বিতার ছাপ। প্রথম ম্যাচে ৩-৫-২ ফরমেশনে খেলা বাংলাদেশ দ্বিতীয় ম্যাচে ফিরেছিল পুরনো ৪-৪-২ ফরমেশনে। পাশাপাশি অভিজ্ঞদের বসিয়ে বাটলার দ্বিতীয় ম্যাচে পরখ করে দেখেন তরুণদের। ভুটানের বিপক্ষে অবশ্য বাংলাদেশ খেলবে আক্রমণাত্মক ফুটবল। ভুটানে খেলতে যাওয়ার আগে দলের অধিনায়ক সাবিনা খাতুন সেই ইঙ্গিতই দিয়েছেন, ‘চিনা তাইপের সঙ্গে আমরা একটু ডিফেন্সিভ খেলেছি। ভুটানের বিপক্ষে আমাদের জয়ের জন্য খেলতে হবে।’ এই সিরিজের প্রয়োজনীয়তা বোঝাতে সাবিনা বলেন, ‘আমার কাছে মনে হয় ভালোই হবে। মেয়েদের একটা হাওয়া বদলে যাবে। অনেক দিন ধরে তো ভবনে আছি। খেলার পাশাপাশি রিফ্রেশমেন্টও জরুরি।’

ভুটানে যাওয়া বাংলাদেশ দলে নেই বেশ কজন নিয়মিত খেলোয়াড়। উচ্চমাধ্যমিক পরীক্ষার কারণে দলের সঙ্গী হতে পারেননি ফরোয়ার্ড তহুরা, ডিফেন্ডার আফিদা খন্দকার ও সামসুন্নাহার জুনিয়র, ফরোয়ার্ড সাহিদা আক্তার রিপা ও ডিফেন্ডার সুরমা জান্নাত। তা ছাড়া চোট থেকে সেরে না ওঠায় কৃষ্ণারানী সরকার নেই এই সিরিজেও। ভুটানের বিপক্ষে এই দুই ম্যাচের পর সাফের আগে আরও দুটি ফিফা উইন্ডো থাকবে। সাবিনা মনে করেন, সাফের আগে শক্তিতে এগিয়ে থাকা প্রতিপক্ষের বিপক্ষে আরও তিন-চারটা ম্যাচ খেললে প্রস্তুতিটা হবে শতভাগ, ‘বাফুফে অনেক চেষ্টাই করেছে উঁচুমানের দলের বিপক্ষে ম্যাচ আয়োজনের। আমাদের মতো নিচের দিকের র‌্যাংকিংয়ের দলের সঙ্গে তো সেভাবে অনেকে খেলতে চায় না। আবার আমরা যাদের সঙ্গে খেলতে চাই, তাদেরও অনেকে অন্যদের সঙ্গে খেলছে।’

আসছে সাফে বেশ কজন সতীর্থকে মিস করার কথাও বলেছেন সাবিনা। ২০২২ সালের সেপ্টেম্বরে কাঠমান্ডুতে প্রথমবারের মতো সাফের মসনদে বসার কয়েক মাসের মধ্যে ক্যাম্প ছেড়ে চলে যান শিরোপাজয়ী দলের ডিফেন্ডার আঁখি খাতুন এবং ফরোয়ার্ড সিরাত জাহান স্বপ্না। আঁখি এখন চিনের একটি অ্যাকাডেমিতে রয়েছেন। স্বপ্না ফুটবল ছেড়ে মন দিয়েছে ঘরকন্নায়। সাবিনা বলেন, ‘সাফের প্রস্তুতি ভালোই হচ্ছে। তবে অভিজ্ঞ বেশ কজনকে আমরা মিস করছি। সব মিলিয়ে এবারের সাফ আমাদের জন্য বড় চ্যালেঞ্জ হবে। সেই চ্যালেঞ্জ নিতে অবশ্য অনেক তরুণ ফুটবলার প্রস্তুত হচ্ছে। আমরা শিরোপা ধরে রাখতে আশাবাদী।’

১৭ অক্টোবর কাঠমান্ডুতে শুরু হবে সাফের আসর। সেই টুর্নামেন্টের প্রস্তুতি নিতেই আজ ভুটানে পরীক্ষা দিতে নামবে বাংলাদেশ দল।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত