শ্রীলঙ্কায় চলমান নারী এশিয়া কাপের ‘এ’ গ্রুপের শেষ দিনের খেলায় গতকাল বড় জয় পেয়েছে পাকিস্তান। ডাম্বুলায় আরব আমিরাতের বিপক্ষে তারা জিতেছে ১০ উইকেটের ব্যবধানে। আমিরাতের করা ৮ উইকেটে ১০৩ রানের জবাবে ৩৫ বল ও সব কটি উইকেট হাতে রেখেই লক্ষ্যে পৌঁছে যায় পাকিস্তান নারী দল।
আগে ব্যাট করতে নেমে পাকিস্তানি বোলারদের তোপের মুখে পড়েন আমিরাতের ব্যাটাররা। ২০ ওভার ব্যাটিং করে ৮ উইকেটে ১০৩ রান তুলতে সমর্থ হয় তারা। আমিরাত ব্যাটারদের মধ্যে প্রতিরোধ গড়েন শুধু তীর্থা সতিশ। ৩৬ বলে ৪০ রানের ইনিংস খেলেন তিনি। পাকিস্তানের সাদিয়া ইকবাল ১১ রানে নেন ২ উইকেট। ২টি করে উইকেট শিকার করেন তুবা হাসান ও নাশরা সান্ধু। নিদা দার নেন ১ উইকেট।
জবাবে আমিরাতের বোলারদের ওপর শুরু থেকেই চড়াও হন পাকিস্তানের দুই ওপেনার। তবে ফিফটির দেখা পেয়েছেন শুধু গুল ফিরোজা। ৫৫ বল খেলে ৬২ রানে অপরাজিত থাকেন তিনি। একবার স্টাম্পিংয়ের বিতর্কিত সিদ্ধান্তে জীবন পাওয়ার পর ৩০ বলে ৩৭ রানে অপরাজিত থাকেন পাকিস্তানের উইকেটরক্ষক ব্যাটার মুনিবা আলি। দুজনের উদ্বোধনী জুটি দাঁড়ায় ১৪.১ ওভারে ১০৭ রানের। তাতেই ১০ উইকেটের জয় পায় পাকিস্তান।
