রাজধানীর মিরপুরে বাসার পাশে সাইফুল ইসলাম সায়মন (২৫) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। তিনি দীর্ঘদিন দুবাইয়ে প্রবাস জীবন কাটিয়েছেন। বর্তমানে দেশে বেকার ছিলেন। গতকাল মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে মুমূর্ষু অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
চাঁদপুর সদর উপজেলার কানোর্দী গ্রামের বজলুর রহমানের ছেলে সায়মন। পরিবার নিয়ে থাকেন মিরপুর ১২ নম্বর সেকশনের সি-ব্লক পুরনো থানার মাঠের পাশের একটি বাড়িতে।
নিহত সায়মনের মা সেলিনা বেগম জানান, সন্ধ্যায় বাসা থেকে বের হন তিনি। তখন মা তাকে বাইরে যেতে না করেন। তবে কিছুক্ষণ পর বাসায় ফিরবেন বলে চলে যান। এর কিছুক্ষণ পরই এলাকার একজন বাসায় এসে খবর দেয়, পুরনো মাঠের পাশে কারা যেন কুপিয়ে আহত করে ফেলে গেছে সায়মনকে।
নিহতের মামা মো. রাশেদ জানান, দুটি মোটরসাইকেলে কয়েকজন এসে তাকে এলোপাতাড়ি কুপিয়ে আহত করে পালিয়ে যায়। তখন স্থানীয়রা রাস্তা থেকে উদ্ধার করে মিরপুর ইসলামী হাসপাতালে নিয়ে যান। স্বজনরা খবর পেয়ে ওই হাসপাতাল থেকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন।
তিনি জানান, এলাকার কারও সঙ্গে কোনো দ্বন্দ্ব নেই সায়মনের। দীর্ঘদিন দুবাই ছিলেন তিনি। কভিডের সময় তিনি দেশে এসেছিলেন। নতুন করে সৌদি আরব যাওয়ার প্রক্রিয়া চলছিল।
এদিকে চিকিৎসকের বরাত দিয়ে ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
তার স্ত্রী সায়মা আক্তার। সায়বা নামে দুই বছরের এক মেয়ে আছে তার। হাসপাতালে স্বামীর মৃত্যুর খবর শোনার পর স্ত্রী সায়মা আহাজারি করেন।
