নীলফামারীতে জনজীবন স্বাভাবিক, গ্রেপ্তার ৫৪

আপডেট : ২৪ জুলাই ২০২৪, ০৯:২৯ পিএম

নীলফামারী জেলা শহর ও সৈয়দপুর উপজেলা শহরে কোটা সংস্কার আন্দোলনকারীদের নেপথ্যে থাকা হামলাকারীদের ধরতে মাঠে নেমেছে আইনশৃঙ্খলা বাহিনী। বৃহস্পতিবারের (১৮ জুলাই) পর থেকে গোটা নীলফামারী জেলা ছিল অবরুদ্ধ। বিজিবি ও সেনাবাহিনী নামার পর ধীরে ধীরে এ জেলার জনজীবন স্বাভাবিক হয়ে আসছে।

এদিকে জেলা শহরের ডিসি অফিস ও ডিসি বাসভবনে ভাঙচুর, সৈয়দপুরে পুলিশ বক্স আগুনে পুড়িয়ে দেওয়া ও পুলিশের ৬ রাউন্ড গুলিসহ পিস্তল ছিনিয়ে নেওয়ার মামলায় পুলিশ এ পর্যন্ত ৫৪ জনকে গ্রেপ্তার করেছে। বুধবার (২৪ জুলাই) বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশ সুপার মো. মোকবুল হোসেন।

পুলিশ সুপার দেশ রূপান্তরকে বলেন, ‘কোটা আন্দোলনে এ জেলায় শিক্ষার্থীদের আড়ালে জামায়াত-শিবির ও বিএনপির নেতাকর্মীরা জড়িত ছিল বলে আমরা তথ্যপ্রমাণ পেয়েছি। এছাড়া নীলফামারী থানায় দুইটি ও সৈয়দপুর থানায় তিনটি মামলা হয়েছে।’

জেলা প্রশাসক পঙ্কজ ঘোষ দেশ রূপান্তরকে জানান, নীলফামারীতে বুধবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত কারফিউ শিথিল ছিল। এরপর পুনরায় সন্ধ্যা ৬টা থেকে কারফিউ রাখা হয়েছে, যা চলবে বৃহস্পতিবার সকাল ৬টা পর্যন্ত।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত