কয়েকদিন ধরেই বন্ধ মোবাইল ইন্টারনেট সেবা। ফলে অলস দিন কাটছে নাটোরের সিংড়া উপজেলার তরুণদের। ফেসবুক, ইউটিউব, টিকটকে যাদের ঘণ্টার পর ঘণ্টা সময় কাটতো তারা এখন মেতে আছে খোশগল্পে। এছাড়া মাছ শিকার, ফুটবল খেলা, পত্রিকা পড়া ও টেলিভিশনে খবর শুনে সময় কাটছে তাদের।
এক সপ্তাহ আগেও ঘুম থেকে উঠেই যারা মোবাইল হাতে নিয়ে ফেসবুকে সময় কাটাত তাদের অনেকে এখন হকারের কাছ থেকে পত্রিকা নেওয়ার অপেক্ষায় বসে থাকছে। পত্রিকার পাতায় চোখ বুলিয়ে আবার ব্যস্ত হয়ে পরছে অন্য কাজে।
বুধবার বিকেলে সিংড়া পৌরসভার শোলাকুড়া এলাকায় নদীর ধারে ফুটবল খেলার আয়োজন হয়। এ সময় দর্শক হিসেবে প্রায় ৫০/৬০ জন তরুণকে দেখা যায়। ইন্টারনেট না থাকায় এভাবেই সময় কাটাচ্ছে তারা।
খেলার আয়োজক কমিটির প্রধান কলেজ ছাত্র রকি হোসেন ও আবু তালহা মাহি বলেন, মোবাইল ইন্টারনেট না থাকায় আমাদের সময় কাটছে না। এজন্য ফুটবল খেলার আয়োজন করেছি।
চকসিংড়া বিলের ধারে বড়শি দিয়ে মাছ শিকার করছিলেন পলাশ, মেহেদী ও আসলাম শিকদার। তারা জানান, মোবাইল ইন্টারনেট থাকলে হয়তো ফেসবুক-ইউটিউবে ব্যস্ত থাকতাম। এখন বড়শি দিয়ে মাছ ধরছি। সময়টা ভালোই কাটছে।
উপজেলার শালমারা গ্রামের মাহাবুর শেখ বলেন, ইন্টারনেট বন্ধ থাকায় সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করতে পারছি না। ফলে গল্প-আড্ডায় বেশি সময় কাটছে।
সিংড়া পৌর শহরের মাহমুদুর রহমান নামে একজন বলেন, নব্বই দশকে মানুষ ঘুম থেকে উঠে পত্রিকা পড়ার অপেক্ষায় থাকত। ডিজিটালের ছোঁয়ায় মোবাইলে মূহূর্তেই সব খবর পাওয়া যায়। গত কয়েকদিন ইন্টারনেট বন্ধ থাকায় মনে হচ্ছে আবার সেই নব্বই দশকে ফিরে গিয়েছি।
কমলা হ্যারিসকে নিয়ে উচ্ছ্বসিত ভারতের যে গ্রাম