ড্রোন চালিয়ে নিউজিল্যান্ডের অনুশীলনে গুপ্তচরবৃত্তি করতে গিয়ে প্যারিস অলিম্পিক থেকে দেশে ফিরে যেতে হয়েছে কানাডা নারী ফুটবল দলের সহকারী কোচ ও একজন বিশ্লেষককে। এ কারণে ৪৩ বছর বয়সী বিশ্লেষক জোসেফ লোমবার্ডিকে ৮ মাসের স্থগিত কারাবাসের শাস্তিও দিয়েছেন আদালত।
আদালতের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, আদালতে নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ স্বীকার করে নিয়েছেন লোমবার্ডি।
গত সোমবার ড্রোন চালিয়ে নিউজিল্যান্ডের অনুশীলন রেকর্ড করার অভিযোগ ছিল তার বিরুদ্ধে। অনুশীলনে গুপ্তচরবৃত্তির অভিযোগে কানাডিয়ান ফুটবলের বিরুদ্ধে আন্তর্জাতিক অলিম্পিক কমিটিতে (আইওসি) আনুষ্ঠানিক অভিযোগও করেছিল নিউজিল্যান্ড।
দেশে ফেরত যেতে বাধ্য হওয়া জেসমিন মান্ডার কানাডা নারী ফুটবল দলের সহকারী কোচ। তার কাছে রিপোর্ট করতেন লোমবার্ডি। অলিম্পিকে নিজেদের প্রথম ম্যাচে আজ রাত ৯টায় মুখোমুখি হবে নিউজিল্যান্ড ও কানাডা। নানা বিতর্কের পর এই ম্যাচে ডাগআউটে না থাকার ঘোষণা দিয়েছেন কানাডার প্রধান কোচ বেভ প্রিস্টম্যান।
পুরো ঘটনায় ক্ষমা চেয়ে প্রিস্টম্যান বলেছেন, ‘দলের পক্ষ থেকে নিউজিল্যান্ড ফুটবল দলের খেলোয়াড় ও সাপোর্ট স্টাফদের কাছে ক্ষমা চাইছি। এই কাজ আমাদের দলের যে মূল্যবোধ, তার প্রতিনিধিত্ব করে না। আমাদের সব কর্মসূচি পরিচালনার জন্য দায়িত্বটা আমারই। দল হিসেবে আমরা সততার প্রতি কতটা প্রতিশ্রুতিবদ্ধ, সেটা বোঝাতে আমি এই ম্যাচে কোচিং করানোর দায়িত্ব থেকে স্বেচ্ছায় সরে এসেছি।’
কানাডিয়ান অলিম্পিক কমিটির (সিওসি) পক্ষ থেকে বলা হয়েছে, ‘সিওসি ফিফা ও আন্তর্জাতিক অলিম্পিক কমিটির সঙ্গে যোগাযোগ রাখছে। কানাডার ফুটবল পুরো প্রক্রিয়ায় স্বচ্ছ থেকে সহযোগিতা করছে। পুরো বিষয়টি সিওসি পর্যবেক্ষণ করবে, প্রয়োজনে যথাযথ পদক্ষেপ নেবে।’
এ ঘটনায় ক্ষমাও চেয়েছিল সিওসি, ‘কানাডিয়ান অলিম্পিক কমিটি ন্যায্য খেলার পক্ষে এবং আমরাও বিস্মিত ও হতাশ। নিউজিল্যান্ড ফুটবল, খেলোয়াড়েরা ও নিউজিল্যান্ড অলিম্পিক কমিটির কাছে আমরা ক্ষমা প্রার্থনা করছি।’
টোকিওতে ২০২১ সালে অনুষ্ঠিত সর্বশেষ অলিম্পিকে মেয়েদের ফুটবলে সোনা জিতেছিল কানাডা।
আর্জেন্টিনার ‘বিতর্কিত’ পরাজয়ে বিস্মিত মেসি
অলিম্পিকের এই ম্যাচ কোচ মাচেরানোর দেখা ‘সবচেয়ে বড় সার্কাস’
‘নিয়মের বরখেলাপ’ দাবি আর্জেন্টিনার, ফিফায় নালিশ