কুমিল্লার লালমাইয়ে সুমন চন্দ্র দে (৩৭) নামে এক নারিকেল ব্যবসায়ীকে কুপিয়ে ও পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। উপজেলার পেরুল উত্তর ইউপির আলীশ্বরে গ্রামের নিজ বাড়িতে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। বৃহস্পতিবার (২৫ জুলাই) রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
নিহতের ভাই শ্রীবাস চন্দ্র দে জানান, দীর্ঘদিন ধরে তার ভাই নোয়াখালী থেকে নারিকেল কিনে বাগমারা বাজার খুচরা বিক্রি করতেন। তিনি এখনো বিয়ে করেননি।
তিনি বলেন, অজ্ঞাতপরিচয় ব্যক্তিরা বুধবার গভীর রাতে আমার ভাইকে পরিকল্পিতভাবে কুপিয়ে হত্যা করেছে। তারপর পেছনের জানালা দিয়ে পালিয়ে গেছে। তিনি হত্যাকারীদের গ্রেপ্তার ও শাস্তির দাবি জানান।
পেরুল উত্তর ইউপির ২ নম্বর ওয়ার্ডের সদস্য দিলীপ সিংহ বলেন, ভাইদের সঙ্গে মাঝেমধ্যে ঝগড়া ও মারামারি হত সুমনের। আমি বিভিন্ন সময় তাদের পারিবারিক দ্বন্দ্ব সমাধান করে দিয়েছি। সুমনকে যারা কুপিয়ে হত্যা করেছে তাদের শনাক্ত করে আইনের আওতায় আনা হোক।
লালমাই থানার এসআই আশরাফুল ইসলাম বলেন, নিহতের মাথার সাত জায়গায় ছুরিকাঘাত ও পিঠে একাধিক লাঠির আঘাতের চিহ্ন রয়েছে। আলামত হিসেবে রক্তাক্ত একটি কম্বল, তার ব্যবহৃত রক্তাক্ত পোশাক ও একটি লাঠি উদ্ধার করা হয়েছে। টিনশেড ঘরের দরজা বন্ধ থাকলেও পেছনের জানালা খোলা ছিল।
লালমাই থানার ওসি আবদুল্লাহ আল মাহফুজ বলেন, খবর পেয়ে সকাল সাড়ে ১১টায় ঘটনাস্থলে যাই। প্রাথমিকভাবে মনে হয়েছে তাকে হত্যা করা হয়েছে। মৃত্যুর বিষয়ে বিস্তারিত জানতে পরিবারের সদস্যদের পৃথকভাবে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। হত্যা মামলার প্রস্তুতি চলছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
নারায়ণগঞ্জে আরও ৫ মামলা, ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৬৫