শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলন ঘিরে উদ্ভূত পরিস্থিতিতে আগামী ১ আগস্ট পর্যন্ত সব শিক্ষা বোর্ডের এইচএসসি ও সমমানের আরও চারটি পরীক্ষা স্থগিত করা হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২৮ জুলাই থেকে ১ আগস্ট পর্যন্ত যেসব পরীক্ষা হওয়ার কথা ছিল, তা হবে না। এ নিয়ে চলমান এইচএসসি পরীক্ষার আটটি পরীক্ষা স্থগিত করা হলো।
গতকাল বৃহস্পতিবার দুপুরে গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার। তিনি বলেন, দেশের উদ্ভূত পরিস্থিতিতে পরীক্ষার্থীদের নিরাপত্তার কথা চিন্তা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন করে চারটি পরীক্ষা স্থগিত হওয়ার আগে এসব পরীক্ষার বিষয়ে তপন কুমার সরকার আরও বলেন, ‘স্থগিত হওয়া সব পরীক্ষা ১১ আগস্টের পর হবে।’ আর কোনো পরীক্ষা স্থগিত হতে পারে কি না জানতে চাইলে তিনি বলেন, ‘এখনো নিশ্চিত করে বলা যাচ্ছে না। কোনো সিদ্ধান্ত নিলে জানানো হবে।’
এর আগে দুই দফায় চার দিনের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছিল। প্রথমে গত বৃহস্পতিবারের পরীক্ষা স্থগিত করা হয়। তারপর একসঙ্গে ২১, ২৩ ও ২৫ জুলাইয়ের সব শিক্ষা বোর্ডের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়। পরবর্তী পরীক্ষা ছিল আগামী রবিবার (২৮ জুলাই)। তার তিন দিন আগেই জানানো হলো, ১ আগস্ট পর্যন্ত পরীক্ষা স্থগিত করা হয়েছে।
গত সোমবার এক সংবাদ সম্মেলনে চলমান এইচএসসি পরীক্ষা শেষ করা সরকারের মূল অগ্রাধিকার বলে উল্লেখ করে শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী বলেছিলেন, ‘আমাদের উচ্চমাধ্যমিক পরীক্ষা চলমান। আমাদের এখন প্রথম যে অগ্রাধিকার সেটি হচ্ছে, উচ্চমাধ্যমিক পরীক্ষাটি পুনরায় যাতে শুরু করা যেতে পারে, সেই পরিস্থিতি এখন পর্যবেক্ষণ করা হচ্ছে।’
দ্রুত পরীক্ষা চালুর দাবি : এদিকে কুমিল্লা থেকে আঞ্চলিক সংবাদদাতা জানিয়েছেন, পরীক্ষা পেছানোর কারণে উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে সময় কাটাচ্ছেন কুমিল্লা বোর্ডের এইচএসসি পরীক্ষার্থীরা। তারা বলছেন, পরীক্ষা পেছানোর কারণে এইচএসসি পরীক্ষা শেষ হওয়ার পর তারা বিশ্ববিদ্যালয় বা মেডিকেলে ভর্তি পরীক্ষার প্রস্তুতি নিতে সময় কম পাবেন। তারা দ্রুত পরীক্ষা চালুর দাবি জানান।
নাঙ্গলকোট হাসান মেমোরিয়াল সরকারি কলেজের এইচএসসি পরীক্ষার্থী রাব্বি বলেন, ‘সারা দেশে ৩০ জুন থেকে এইচএসসি পরীক্ষা শুরু হয়েছে। এ আন্দোলন ঘিরে আমাদের পাঁচটি পরীক্ষা স্থগিত হয়েছে। এতে আমরা বিশ্ববিদ্যালয় ও মেডিকেলে ভর্তির প্রস্তুতির জন্য পড়াশোনার জন্য কম সময় পাব। তাই আমাদের কথা বিবেচনা করে দ্রুত পরীক্ষা নেওয়ার দাবি জানাই।’
নওয়াব ফয়জুন্নেছা সরকারি কলেজের এইচএসসি পরীক্ষার্থী ফয়সাল মাহমুদ বলেন, এইচএসসি পরীক্ষার পর একদম কম সময়ের মধ্যে বিশ্ববিদ্যালয় বা মেডিকেলে ভর্তি হতে হয়। এই কম সময়ের মধ্যে একজন শিক্ষার্থীকে তার ভবিষ্যতের চিন্তা করে বিশ্ববিদ্যালয় বা মেডিকেলে ভর্তি হওয়ার জন্য ভর্তি পরীক্ষার জন্য ভালোভাবে প্রস্তুতি নিতে হয়। এ নিয়ে দুশ্চিন্তায় রয়েছি।’
এ বিষয়ে কুমিল্লা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ড. মো. আসাদুজ্জামান বলেন, কারফিউ কিংবা অস্থিতিশীল পরিবেশের কারণে শিক্ষা মন্ত্রণালয় সারা দেশে একসঙ্গে পরীক্ষা স্থগিত করে। শুধু কুমিল্লা বোর্ড একা না। কবে পরীক্ষা চালু হবে জানতে চাইলে তিনি বলেন, কবে চালু হবে সেটিও মন্ত্রণালয়ের বিষয়।
