উসকানির মামলায় আন্দালিব পার্থ ৫ দিন রিমান্ডে

আপডেট : ২৬ জুলাই ২০২৪, ০৩:৩৫ এএম

কোটা সংস্কার আন্দোলনে উসকানি দেওয়ার অভিযোগে করা মামলায় বিজেপির (বাংলাদেশ জাতীয় পার্টি) চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ ও ব্যবসায়ী রেজাউল হাসনাত ডেভিডকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ডে পেয়েছে পুলিশ।

গ্রেপ্তারের পর গতকাল বৃহস্পতিবার দুপুরে তাদের ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড চাওয়া হয়। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) ক্যান্টনমেন্ট জোনাল টিমের পরিদর্শক আবু সাইদ মিয়ার আবেদনের শুনানি শেষে বিচারক মো. সুলতান সোহাগ উদ্দীন রিমান্ড মঞ্জুর করেন। পার্থের পক্ষে আইনজীবী আলী বাবর রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। রাষ্ট্রপক্ষে ছিলেন মহানগর অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর তাপস কুমার পাল ও আজাদ রহমান। রেজাউল হাসনাত ডেভিডের পক্ষে ছিলেন আইনজীবী ফারুক আহম্মদ।

গত বুধবার রাত ১টার দিকে রাজধানীর গুলশানের বাসা থেকে পার্থকে আটক করে ডিবি। কোটা আন্দোলনের সময় বনানীর সেতু ভবনে হামলা ও অগ্নিসংযোগের মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। তার বিরুদ্ধে কোটা সংস্কার আন্দোলনে উসকানি দেওয়ার অভিযোগ পাওয়া গেছে বলে জানায় ডিবি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত