রাশিয়া ও চীনের চার জঙ্গিবিমানকে তাড়া করে আলাস্কার আন্তর্জাতিক আকাশপথ থেকে সরিয়ে দিয়েছে যুক্তরাষ্ট্র। তাদের সঙ্গে যোগ দিয়েছিল কানাডাও। যৌথ টহলের অংশ হিসেবে চারটি যুদ্ধবিমান যুক্তরাষ্ট্রের আলাস্কা উপকূলে পাঠায় মস্কো ও বেইজিং। গত বুধবার বিমানগুলোর গতিপথ রুখে দেয় যুক্তরাষ্ট্র ও কানাডার সামরিক বাহিনী। স্থানীয় সময় বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন সংবাদ সম্মেলনে এসে এসব তথ্য দেন। তবে রাশিয়া ও চীনের এই যৌথ টহলকে ‘আকস্মিক’ ঘটনা হিসেবে দেখছেন না অস্টিন, তার ধারণা বেশ সময় নিয়ে এই অভিযানে নেমেছিল তারা।
আলজাজিরা লিখেছে, উত্তর প্রশান্ত মহাসাগরে রাশিয়া ও চীনের যুদ্ধবিমানের এমন যৌথ টহলের ঘটনা এটিই প্রথম। দেশ দুটির মধ্যে সামরিক সহযোগিতা বৃদ্ধির নজিরও এটি। এ নিয়ে যুক্তরাষ্ট্র ও তাদের মিত্রদের মধ্যে উদ্বেগ বাড়ছে।
