ক্যালিফোর্নিয়ার উত্তরাঞ্চলে দাবানল নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। দাবানলে প্রতি ঘণ্টায় ২০ বর্গকিলোমিটার (৫ হাজার একর) এলাকা পুড়ে ছাই হয়ে যাচ্ছে। স্থানীয় সময় শনিবার এ কথা জানিয়েছে দেশটির সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। শনিবার সকাল পর্যন্ত দাবানলে প্রায় ৩ লাখ ৫০ হাজার একর (১ লাখ ৪২ হাজার হেক্টর) এলাকা পুড়ে গেছে, এটি ক্যালিফোর্নিয়ার ইতিহাসে রেকর্ড করা সপ্তম বৃহত্তম দাবানল। খবর বিবিসির।
শনিবার (২৭ জুলাই) রাজ্যের ফায়ার এজেন্সি ক্যাল ফায়ার জানিয়েছে, প্রায় আড়াই হাজার অগ্নিনির্বাপক কর্মী আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। কিন্তু এখন পর্যন্ত শূন্য শতাংশও নিয়ন্ত্রণে আনতে পারেনি। দাবানলের কারণে ৪ হাজারেরও বেশি লোককে তাদের বাড়িঘর ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে।
ক্যাল ফায়ার বলেছে, অগ্নিনির্বাপকদের চরম অগ্নি পরিস্থিতি মোকাবিলা করতে হচ্ছে। এক ডজনেরও বেশি হেলিকপ্টার এবং বেশ কয়েকটি প্লেনসহ প্রায় ২ হাজার ৫০০ কর্মীর প্রচেষ্টা সত্ত্বেও আপাতত এটির নিয়ন্ত্রণ ‘শূন্য শতাংশ’। ক্যাল ফায়ার শনিবার একটি আপডেটে বলেছে, খাড়া ভূখণ্ড এবং বাতাসের কারণে আক্রমণাত্মকভাবে দাবানল ছড়িয়ে পড়ে। পাহাড়ের ঢাল এবং অনুকূল বায়ুপ্রবাহের কারণে চরম আগুনের বিস্তার ঘটছে।
ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসম শুক্রবার পার্কে আগুনের কারণে বাট ও তেহামা কাউন্টিতে জরুরি অবস্থা ঘোষণা করেছেন। বাটের স্থানীয়দেরকে সরিয়ে নেওয়া হয়েছে। কোহাসেট থেকে অন্তত ৪০০ জনকে সরিয়ে নেওয়া হয়েছে। এরই মধ্যে ১৩৪ টি কাঠামো ধ্বংস হয়েছে। আরও ৪ হাজার ২০০টি কাঠামো হুমকির মধ্যে রয়েছে।
বুধবার বিকালে একটি জ্বলন্ত গাড়ি পাহাড়ি খাতে ঠেলে ফেলে দিয়ে এই দাবানলের সূত্রপাত ঘটিয়েছেন, এমন সন্দেহে বৃহস্পতিবার এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
এদিকে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ওই অঞ্চলে আরও জলীয়বাষ্প পূর্ণ বাতাস আসতে পারে আর তাতে তাপমাত্রা কমতে পারে। এতে দাবানল ছড়িয়ে পড়া রোধ করার প্রচেষ্টায় গতি আসতে পারে বলে আশা করা হচ্ছে।
পেজেশকিয়ানকে আনুষ্ঠানিকভাবে প্রেসিডেন্টের দায়িত্ব দিলেন খামেনি