শাহিনসকে হারাতে আর ৬ উইকেট চাই এইচপির

আপডেট : ২৮ জুলাই ২০২৪, ০৬:০২ পিএম

পাকিস্তান শাহিনসের বিপক্ষে দ্বিতীয় চারদিনের ম্যাচ জয়ের সম্ভাবনা জেগেছে বাংলাদেশ এইচপি দলের। ২৯৬ রানের লক্ষ্য দিয়ে শাহিনসের দ্বিতীয় ইনিংসের ৪ উইকেট তুলে নিয়েছে ১৩৬ রানের মধ্যে। সোমবার শেষ দিনে ১৬০ রানের মধ্যে ৬ উইকেট তুলে নিতে হবে এইচপির বোলারদের।  

আগের দিনের ৩ উইকেটে ৮৪ রান নিয়ে অস্ট্রেলিয়ার ডারউইনে তৃতীয় দিনে খেলা শুরু করে বাংলাদেশিরা। ৩৯ রানে অপরাজিত থাকা অধিনায়ক মাহমুদুল হাসান জয় সর্বোচ্চ ৬৫ রান করে আউট হয়ে যান। ৬ নম্বরে খেলতে নামা সাদমান ইসলাম শূন্য ও মাহিদুল ইসলাম অঙ্কন ১৩ রানে প্যাভিলিয়নে ফেরেন।

শাহাদাত হোসেন দীপু ৩৩ রানে থামলে ১৮০ রানে ৬ উইকেট হারিয়ে ফেলে এইচপি। এরপর লেজের ব্যাটারদের সঙ্গে নিয়ে আইচ মোল্লা দলকে ২১২ রান পর্যন্ত নিয়ে যান। আইচ ১২৩ বলে ৯ বাউন্ডারিতে ৫৮ রান করে পেসার মোহাম্মদ আলির পঞ্চম শিকারে পরিণত হন। 

লক্ষ্য তাড়ায় শাহিনসের শুরুটা হয় দুর্দান্ত। প্রথম উইকেট পেতে বাংলাদেশি বোলারদের অপেক্ষা করতে হয় ৯৬ রান পর্যন্ত। এরপর ঘুরে দাঁড়ায় তারা। প্রতিপক্ষ অধিনায়ক শাহিবজাদা ফারহানকে ব্যক্তিগত ৬৮ রানে আউট করে জুটি ভাঙেন পার্ট-টাইমার জয়।

এরপর কামরান গুলাম ও উমাইর আমিনকে শূন্য রানেই বিদায় করে দেন রেজাউর রহমান রাজা। ১৫ রান করা মোহাম্মদ ইরফান খানকে প্যাভিলিয়নের পথ দেখান হাসান মুরাদ। তবে ওপেনার হাসিব উল্লাহকে এখনো আউট করতে পারেননি এইচপির বোলাররা। ৪৪ রান অপরাজিত থেকে প্যাভিলিয়নে ফেরেন। 

যদিও পথ এখনো অনেক দূর বাকি পাকিস্তান শাহিনসের জন্য। প্রথম ইনিংসে দলটি অলআউট হয়ে গিয়েছিল ১৭৯ রানে। আর টস হেরে ব্যাট করে নামা বাংলাদেশ প্রথম ইনিংসে পেয়েছিল ২৫৮ রানের পুঁজি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত