কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সাম্প্রতিক দেশব্যাপী ধ্বংসযজ্ঞে আহত পুলিশ সদস্যদের দেখতে রাজারবাগে কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল (সিপিএইচ) পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আজ রবিবার (২৮ জুলাই) বিকেলে রাজারবাগের কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল পরিদর্শন করেন তিনি। সেখানে প্রধানমন্ত্রী আহত পুলিশ সদস্যদের সঙ্গে বেশ কিছু সময় কাটান এবং তাদের খোঁজখবর নেন।
উন্নত চিকিৎসা এবং দ্রুত সুস্থতার জন্য আহত পুলিশ সদস্যদের সব ধরনের সহযোগিতা প্রদানের আশ্বাস দেন শেখ হাসিনা। গুরুতর আহত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের অবস্থা দেখে এবং অমানবিক নির্যাতনের কথা শুনে আবেগাপ্লুত হয়ে পড়েন প্রধানমন্ত্রী। এ সময় তাকে অশ্রুসজল হতে দেখা যায়।
এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিব মো. জাহাঙ্গীর আলম, পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন, পুলিশের বিশেষ শাখার (এসবি) প্রধান মো. মনিরুল ইসলাম ও ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার হাবিবুর রহমান।
সিপিএইচের পরিচালক (ডিআইজি) শেখ মো. রেজাউল হায়দার এ সময় প্রধানমন্ত্রীকে আহত পুলিশদের উন্নত চিকিৎসা নিশ্চিত করার জন্য গৃহীত ব্যবস্থা সম্পর্কে অবহিত করেন।
এরপর প্রধানমন্ত্রী শেখ হাসিনা শাহবাগে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) ও হাসপাতালে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সংঘর্ষে আহতদের দেখতে যান।
বিএসএমএমইউ’র উপাচার্য প্রফেসর ড. দীন মো. নুরুল হক ও হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার মো. জেনারেল ডা. মো. রেজাউর রহমান আহতদের চিকিৎসার জন্য গৃহীত ব্যবস্থা সম্পর্কে প্রধানমন্ত্রীকে অবহিত করেন।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শেখ হেলাল, মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এম তোফাজ্জল হোসেন মিয়া, প্রেস সচিব মো. নাঈমুল ইসলাম খান এবং ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ বি এম আবদুল্লাহ।
