ভারতের ত্রিপুরায় গ্রেপ্তার হয়েছেন দেশটিতে অবৈধভাবে ঢোকা ২৩ বাংলাদেশি যুবক। গত শনিবার রাতে আগরতলা স্টেশন চত্বর থেকে তাদের আটক করে ত্রিপুরা রেলওয়ে পুলিশ (জিআরপি)। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে একজন দালালও রয়েছেন। টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
গ্রেপ্তাররা হলেন রাম সাহা (২৪), মো. আসমাউল হক (২০), জাকির হোসেন (৪০), মো. শাহিন আলী (২৬), ইব্রাহিম খলিল (২৩), শাহিন আলম (২৮), নয়ন আলী (১৯), মো. ইলাহী হোসেন (২১), মো. তৈয়ব হোসেন (১৯), মো. ডালিম ওরফে ইমান (১৯), মো. আব্দুল আজিজ, মো. সাইফুল ইসলাম (২৫), সাহাবুদ্দিন শেখ (৩৩), মো. শহিদুল ইসলাম (২০), মো. সুমন (২৬), মো. আমিরুল ইসলাম (২৪), হাজিকুল বাবু (২৬), রমজান শেখ (১৯), মো. মিজানুর (২৪), আলী আকবর (৩৬), সাকিল শেখ (১৯) এবং মো. রেহান (১৯)।
তাদের গ্রেপ্তারের ঘটনায় হওয়া মামলায় মো. সেলিম রেজাকে (২৭) দালাল হিসেবে উল্লেখ করা হয়েছে। আগরতলা স্টেশন চত্বর থেকে মোহাম্মদ সেলিম রেজা নামের যে দালালকে গ্রেপ্তার করা হয়েছে তার বয়সও ২৭ বছর।
জিআরপি সূত্রের বরাত দিয়ে ভারতের পশ্চিমবঙ্গের সংবাদপত্র আনন্দবাজারের এক প্রতিবেদনে বলা হয়েছে, গ্রেপ্তার ২৩ জনই বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ জেলার বাসিন্দা। কী কারণে তারা ত্রিপুরায় এসেছিলেন ও তাদের গতিবিধি কী ছিল, সেসব বিষয় খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে জিআরপি।
ভারতীয় বার্তা সংস্থা এএনআইর প্রতিবেদনে বলা হয়েছে, গ্রেপ্তার ব্যক্তিদের বেশিরভাগের বয়স ত্রিশের নিচে। তাদের মধ্যে ১৯ বছর বয়সী কয়েকজন যুবকও রয়েছেন। ওই ২৩ বাংলাদেশি নাগরিক একসঙ্গে কী করছিলেন, এর সঙ্গে আরও বড় কোনো চক্র জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
