‘ভরবো মাছে মোদের দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ’ এমন প্রতিপাদ্য বিষয় নিয়ে দিনাজপুরের হাকিমপুরের হিলিতে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
হাকিমপুর উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে গতকাল মঙ্গলবার বেলা ১১টায় দপ্তরটির কার্যালয়ে মৎস্য চাষি ও সাংবাদিকদের নিয়ে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় মৎস্য কর্মকর্তা উপজেলার মৎস্য সম্পদের স্থায়িত্বশীল ও সর্বোত্তম ব্যবহারের বিষয়ে মাছচাষিদের বিভিন্ন পরামর্শ দেন। সেই সঙ্গে ৩০ জুলাই হতে শুরু হয়ে ৫ আগস্ট চলা জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে আয়োজিত বিভিন্ন কার্যক্রম সম্পর্কে সাংবাদিকদের অবগত করা হয়। হাকিমপুর উপজেলা মৎস্য কর্মকর্তা কামরুন নাহারের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন হাকিমপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, কোষাধ্যক্ষ হালিম আল রাজীসহ স্থানীয় মৎস্য চাষিরা।
