দু'দিনের অনুশীলনেই টেস্ট খেলবেন সাকিব!

আপডেট : ৩১ জুলাই ২০২৪, ০৮:৪০ পিএম

সাকিব আল হাসানের অনুশীলন লাগে না! এমন একটা ধারণাই প্রচলিত আছে বাংলাদেশের ক্রিকেট কর্তাদের মনে, যে ধারণাটার জন্ম দিয়েছেন এই অলরাউন্ডারই। করোনা থেকে সেরে উঠে  সামান্য অনুশীলনের পরও টেস্ট ম্যাচে নেমেও সাকিব যা করতে পারেন, লম্বা সময় অনুশীলন করেও অন্য অনেকের পক্ষে সেটা সম্ভব হয় না। হাজারো ব্যক্তিগত ব্যস্ততার মাঝেও মাঠে নেমে সাকিব ব্যাটে বলে অন্যদের চেয়ে ভাল করেন। সাকিব নিজেও বলেছেন যে তিনি দীর্ঘসময় ধরে অনুশীলনে বিশ্বাসী নন, তার প্রস্তুতির ধরণ আলাদা।

তাই তো ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি থেকে টেস্ট ক্রিকেটে পা রাখতে খুব বেশি অনুশীলনের দরকার হবে না সাকিবের, এমনটাই মনে করেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস। বুধবার মিরপুরে বিসিবি কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে জালাল জানিয়েছেন, ‘ সাকিবকে বলা হয়েছে ঢাকায় এসে দলের সঙ্গে দুই একদিন অনুশীলন করে পাকিস্তান যাওয়ার জন্য। সময় যদি না থাকে সে হয়তো দুবাই থেকে সরাসরি পাকিস্তান চলে যাবে।'

কানাডায় গ্লোবাল টি-টোয়েন্টি লিগে বাংলা টাইগার্স মিসিসুগার হয়ে খেলছেন সাকিব। বিসিবি তাকে অনাপত্তি পত্র দিয়েছে ১২ আগস্ট পর্যন্ত, ১১ আগস্ট আসরের ফাইনাল। তার দল যদি শেষ পর্যন্ত শিরোপার লড়াইতে টিকে থাকে তাহলে সাকিব দলের সঙ্গে যোগ দিতে পারবেন ফাইনালের পর, আর  ৩ ম্যাচ শেষে পয়েন্ট টেবিলের তিনে থাকা বাংলা টাইগার্স যদি প্লে-অফে উঠতে না পারে তাহলে সাকিবের গ্লোবাল টি-টোয়েন্টি অধ্যায় শেষ হয়ে যাবে আগেই। সেক্ষেত্রে দেশে এসে দলের সঙ্গে অনুশীলন করার সুযোগ থাকছে তার।

জালালের কথায় সেই আভাষই মিলল, ‘সে টেস্টে এভেইলেবল। আমার সঙ্গে, বোর্ডের সঙ্গে, নির্বাচকদের সঙ্গে কথা হয়েছে। সময় যদি না থাকে, সে হয়তো দুবাই থেকে সরাসরি (পাকিস্তানে) চলে যাবে। অথবা তাকে বলা হয়েছে, ঢাকায় এসে দলের সঙ্গে দুই-এক দিন অনুশীলন করে একসঙ্গে যাওয়ার জন্য। ওকে পাকিস্তান সিরিজে পাওয়া যাবে।‘  দেশের মাটিতে শ্রীলঙ্কার বিপক্ষে দুই টেস্টের সিরিজের দ্বিতীয়টিতে খেলেছিলেন সাকিব, যেটা এখন পর্যন্ত বাংলাদেশেরও সবশেষ টেস্ট । চট্টগ্রামে দুই ইনিংস মিলিয়ে ৫১ রান করেছিলেন সাকিব, নিয়েছিলেন ৪ উইকেট। বাংলাদেশ দল দেশ ছাড়বে ১৭ আগস্ট, ২১ আগস্ট রাওয়ালপিন্ডিতে শুরু প্রথম টেস্ট। 

টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্তই ছিল বিসিবির সঙ্গে মুশতাক আহমেদের চুক্তি। এরপর নতুন চুক্তি এখনো হয়নি দুই পক্ষের, মুশতাক শ্রীলঙ্কায় ইংল্যান্ডের অনূর্ধ-১৯ দলের কোচের দায়িত্বও পালন করেছেন এই সময়ে। জালাল জানালেন, পাকিস্তান সিরিজে বাংলাদেশ দলের সঙ্গে থাকবেন সাবেক  এই লেগস্পিনার, ‘পাকিস্তান সিরিজের মুশতাক আহমেদকে  পাওয়া যাবে। যেহেতু সামনে ওর নিজেরও কিছু প্রোগ্রাম আছে, সেজন্য পারছে না বাকি সিরিজগুলোতে থাকতে। ডিসেম্বর পর্যন্ত সে ব্যস্ত। তবে আমরা জানুয়ারি থেকে চেষ্টা করব তার সঙ্গে দীর্ঘমেয়াদি চুক্তি করার। বলছি না যে করা যাবে। আমরা চেষ্টা করব। এখন পর্যন্ত ইতিবাচক একটা সাড়া পাচ্ছি। দেখা যাক, সামনে কী হয়।‘

অ্যালান ডোনাল্ডের হাতে বাংলাদেশের পেস বোলিং বিভাগে একটা বড় ইতিবাচক পরিবর্তন আসে। তবে চোটের কারণে তাসকিন আহমেদ এবং এবাদত হোসেনের মত গতিশীল বোলারদের টেস্ট ক্রিকেটে অনেকদিন ধরেই পাচ্ছে না বাংলাদেশ। বিসিবি পরিচালক জালাল জানিয়েছেন তাসকিন এবং এবাদতকে নিয়ে ভবিষ্যত পরিকল্পনার কথা, 'তাসকিনের কালকে (মঙ্গলবার) একটা মূল্যায়ন ছিল। ওটা হয়ে গেছে। ওকে বিবেচনা করা হচ্ছে লাল বলের জন্য। এটা নির্বাচকদেরই সিদ্ধান্ত। যখন দল দেবে তখন আপনারা বুঝতে পারবেন। ইবাদত এখনো রিকভার করছে। আমাদের কাছে সবশেষ খবর হচ্ছে, তার সঙ্গে আমাদের নিয়মিত যোগাযোগ আছে। সে ৭০ ভাগের মতো সুস্থ হয়ে উঠেছে। আশা করি, আগামী দুই মাসের মধ্যে আরও কিছু উন্নতি করবে। এখনো পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যেই আছে। রিকভার করুক। তারপর দেখা যাবে।'

×
সর্বশেষ সর্বাধিক পঠিত