২৪ ঘণ্টায় সিডিএর প্রজ্ঞাপন বাতিল, নতুন প্রধান প্রকৌশলীর পদায়ন

আপডেট : ৩১ জুলাই ২০২৪, ১১:২৪ পিএম

চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ) নতুন প্রধান প্রকৌশলী পদায়নের আদেশ দেওয়া হয়েছিল গতকাল মঙ্গলবার। কিন্তু ২৪ ঘণ্টার মধ্যেই সেই আদেশ বাতিল করা হলো। উভয় আদেশই করেছেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রশাসন অধিশাখা-১ এর যুগ্মসচিব শেখ নুর মোহাম্মদ।

গতকাল মঙ্গলবার (৩০ জুলাই) স্মারক নম্বর—২৫.০০.০০০০.০১৩.১৯.০০১.১০—৩৬ এর প্রজ্ঞাপনে গণপূর্ত অধিদপ্তরের সিলেট জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী (সিভিল) ওম প্রকাশ নন্দীকে বদলিপূর্বক পুনরাদেশ না দেয়া পর্যন্ত সিডিএর প্রধান প্রকৌশলী হিসেবে প্রেষণে পদায়ন করা হয়েছিল।

আজ বুধবার (৩১ জুলাই) স্মারক নম্বর—২৫.০০.০০০০.০১৩.১৯.০০১.১০—৩৭ এর প্রজ্ঞাপনে ৩০ জুলাই তারিখের প্রজ্ঞাপনটি বাতিল করা হয়। প্রজ্ঞাপনে কারণ হিসেবে উল্লেখ করা হয় সিডিএতে প্রধান প্রকৌশলী পদে পদায়নে হাইকোর্ট থেকে ছয় মাসের স্থিতাবস্থা রয়েছে, তাই পূর্বের প্রজ্ঞাপনটি বাতিল করা হয়।

বাতিল প্রসঙ্গে সিডিএর বর্তমান ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী কাজী হাসান বিন শামস দেশ রূপান্তরকে বলেন, ‘প্রধান প্রকৌশলী পদে পদায়নের ক্ষেত্রে আমার রিটের প্রেক্ষিতে গত ৩ মার্চ হাইকোর্ট থেকে ছয় মাসের স্থিতাবস্থা দিয়েছে। সম্ভবত মন্ত্রণালয় সেই স্থিতাবস্থা সম্পর্কে অবগত ছিল না, পরবতীর্তে অবগত হয়ে হয়তো গতকাল পদায়নের প্রজ্ঞাপনটি আজ বুধবার বাতিল করে।’

উল্লেখ্য, সিডিএ ও গণপূর্ত অধিদপ্তর একই প্যাটার্নের চাকরি প্রতিষ্ঠান নয়। একইভাবে উভয় সংস্থার কাজের ক্ষেত্রেও ভিন্নতা রয়েছে। তাই এই পদে পদায়নের ক্ষেত্রে রিট আবেদন করেছিলেন বর্তমান ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী কাজী হাসান বিন শামস।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত