চট্টগ্রামে হচ্ছে ৫০ মেগাওয়াট সৌরবিদ্যুৎ কেন্দ্র

আপডেট : ০১ আগস্ট ২০২৪, ০২:৪৫ এএম

জার্মানির বিনিয়োগে চট্টগ্রামের মিরেরসরাই উপজেলায় ৫০ মেগাওয়াট ক্ষমতার একটি সৌরবিদ্যুৎ কেন্দ্র নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী বছরের মধ্যে কেন্দ্রটি বিদ্যুৎ উৎপাদন শুরু করবে বলে আশা করছে। ২০ বছরের জন্য প্রতি ইউনিট ১২ টাকা ৯১ পয়সা (১০ দশমিক ৯৪ সেন্ট) দরে এই কেন্দ্র থেকে বিদ্যুৎ কিনবে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি)।

সোনাগাজী সোলার পাওয়ার লিমিটেড নামে একটি বেসরকারি প্রতিষ্ঠান কেন্দ্রটি নির্মাণ ও পরিচালনা করবে। এতে ৯৫ দশমিক শূন্য ১ শতাংশ জার্মানির আইবি ফক্ত জি এম বি এইচের এবং আইবি ফক্ত (বিডি) লিমিটেড, বাংলাদেশের ৪ দশমিক ৯৯ শতাংশ অংশীদারত্ব রয়েছে।

গতকাল রাজধানীর বিদ্যুৎ ভবনে বিদ্যুৎ ক্রয় এবং বাস্তবায়ন নামে পৃথক দুটি চুক্তি সই হয়েছে। বিদ্যুৎ বিভাগের পক্ষে যুগ্ম সচিব নিরোধ চন্দ্র ম-ল, পিডিবির পক্ষে বোর্ডের সচিব মোহাম্মদ সেলিম রেজা, পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশের (পিজিসিবি) পক্ষে কোম্পানির সচিব মো. জাহাঙ্গীর আজাদ এবং সোনাগাজী সোলার পাওয়ার লিমিটেডের পক্ষে মোহাম্মদ মাহবুবুল হাসান এতে সই করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিদ্যুৎ, জ¦ালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেন, ‘আগামী ২০৩০ সালের মধ্যে সৌর থেকে প্রায় ৮ থেকে ১০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা যাবে বলে আমরা আশা করছি। ইতিমধ্যে বেশ কিছু চুক্তি করা হয়েছে। ১২৬টি প্রকল্পের মাধ্যমে ১৩ হাজার মেগাওয়াট নবায়নযোগ্য বিদ্যুৎ উৎপাদনের কাজ চলমান। ২০৪১ সালের মধ্যে ৪০ শতাংশ বিদ্যুৎ ক্লিন এনার্জি এবং ২০৫০ সালের মধ্যে ‘০’ (শূন্য) কার্বন ইমিউশন করার লক্ষ্য নিয়ে কাজ করছি আমরা।’

তিনি বলেন, ‘অনেকগুলো সৌরবিদ্যুৎ প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হলেও উপযুক্ত জমির অভাবে সেগুলো যথাসময়ে উৎপাদনে আসছে না। এটা একটা বড় সংকট। সেজন্য একই এলাকায় প্রায় ২০ হাজার একর জমির ওপর সৌর বিদ্যুৎ প্রকল্প করার একটা উদ্যোগ নেওয়া হয়েছে।’

প্রতিমন্ত্রী আরও বলেন, চট্টগ্রামের মিরসরাই উপজেলার যে এলাকায় এই ৫০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্র নির্মিত হতে যাচ্ছে। সেটি পাহাড়ি এলাকা। সুতরাং পরিবেশের কথা বিবেচনা করে পাহাড় না কেটে এই প্রকল্প বাস্তবায়ন করতে হবে।

বিদ্যুৎ বিভাগের সিনিয়র সচিব মো. হাবিবুর রহমান বলেন, ‘২০১৯ সালের ১৫ ডিসেম্বর প্রকল্পটি বাস্তবায়নের জন্য এলওআই (লেটার অব ইনটেন্ট) ইস্যু করার পর অনেক দেরিতে এই চুক্তি সই হলো। প্রথমে কেন্দ্রটি সোনাগাজীতে হওয়ার কথা ছিল। জমিসংক্রান্ত জটিলতার কারণে পরে এটি স্থানান্তর করা হয়েছে। আমি আশা করব ২০২৫ সালের ডিসেম্বরের মধ্যে কেন্দ্রটি উৎপাদন শুরু করবে। এটা সম্ভব। আর যেন দেরি না হয়, সে ব্যাপারে সংশ্লিষ্টরা খেয়াল রাখবেন।’

অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন পিডিবির চেয়ারম্যান প্রকৌশলী মো. মাহবুবুর রহমান, আইবি ফক্ত-এর পরিচালক গোচালু এলেক্সো প্রমুখ।

প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, ২০১৮ সালে উন্মুক্ত দরপত্রের মাধ্যমে কেন্দ্রটি নির্মাণের কাজ পায় সোনাগাজী সোলার পাওয়ার লিমিটেড। ১৬০ একর জমির ওপর কেন্দ্রটি নির্মিত হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত