কোটা সংস্কার আন্দোলনে সরকারের কঠোর দমনপ্রক্রিয়া ও গুলিতে ছাত্র-জনতা হত্যার প্রতিবাদে আয়োজিত এক সমাবেশে রাজধানীর ফার্মগেটে গত ১ আগস্ট হত্যার বিচার চেয়েছেন বিনোদনের নানা অঙ্গনের শিল্পীরা।
অন্যদিকে একই দিন কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকে কেন্দ্র করে আগুনে ক্ষতিগ্রস্ত বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) পরিদর্শন করেছেন চলচ্চিত্র, নাটক ও সংগীতাঙ্গনের শিল্পী-পরিচালকরা। এ সময় বিটিভিতে ধ্বংসযজ্ঞ চালানো ব্যক্তিদের খুঁজে বের করে শাস্তির আওতায় আনার দাবি জানিয়েছেন শিল্পীরা। বিষয়টিকে ধিক্কার দিয়েছেন তরুণ প্রজন্মের অভিনেত্রী সাদিয়া আয়মান। নিজের ফেসবুকে একটি কার্ড শেয়ার করে শিল্পীদের সমালোচনা করেন এই অভিনেত্রী। বিটিভি ভবন পরিদর্শনে গিয়ে অভিনেত্রী শমী কায়সার বলেছিলেন, ‘বিটিভি প্রাঙ্গণে এসে চোখের পানি ধরে রাখতে পারিনি।’ কার্ডটি শেয়ার করে সাদিয়া লিখেন, ‘শেম অন ইউ গাইজ।’ নিজের সেই মন্তব্যের ব্যাখ্যা দিয়ে সাদিয়া আয়মান লিখেছেন, ‘এক সময়ের জনপ্রিয় অভিনেতা-অভিনেত্রীরা বিটিভির প্রাঙ্গণে গিয়ে চোখের পানি ঝরিয়েছেন। অবশ্যই তাদের জীবন ও ক্যারিয়ারের সঙ্গে বিটিভিকেন্দ্রিক স্মৃতি ওতপ্রোতভাবে জড়িত। তাদের দুঃখ পাওয়াটা হয়তো স্বাভাবিক। কিন্তু এত ছাত্রছাত্রী, শিশু, মা, বোন, সাধারণ মানুষ যে মারা গেল তা নিয়ে একবারও কিচ্ছু বললেন না! একবারও দুঃখ প্রকাশ করলেন না। একবারও এই মানুষগুলোর হত্যার বিচার চেয়ে কিছু বললেন না। কেন?’
