আজ রবিবার থেকে ১২টি সিটি করপোরেশন ও নরসিংদী পৌরসভা বাদ অন্য সব জায়গার প্রাথমিক বিদ্যালয় খোলার কথা থাকলেও উদ্ভুত পরিস্থিতিতে সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছে সরকার। ফলে কোনো শিক্ষা প্রতিষ্ঠান আপাতত খুলছে না।
পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত দেশের সব প্রাথমিক বিদ্যালয় বন্ধ থাকছে বলে গতকাল শনিবার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
এর আগে গত বুধবার মন্ত্রণালয়ের এক আদেশে বলা হয়েছিল, ১২টি সিটি করপোরেশন এবং নরসিংদী জেলার পৌর এলাকাগুলো ছাড়া প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন সব প্রাথমিক বিদ্যালয়, শিশু কল্যাণ ট্রাস্ট পরিচালিত শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয় এবং উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর আওতায় লার্নিং সেন্টারগুলো আগামী ৪ আগস্ট, রবিবার থেকে শ্রেণি কার্যক্রম অনুমোদিত সময়সূচি অনুযায়ী চালু থাকবে।
সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনকে কেন্দ্র করে গত ১৭ জুলাই থেকে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। তবে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো ধাপে ধাপে খুলে দেওয়ার কথা জানিয়েছিল শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। এরই অংশ হিসেবে সবার আগে প্রাথমিক বিদ্যালয় খোলার আদেশ জারি করা হয়েছিল। ওই আদেশে ঢাকা উত্তর ও দক্ষিণ, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, সিলেট, রংপুর, কুমিল্লা, ময়মনসিংহ, গাজীপুর, নারায়ণগঞ্জ বরিশাল সিটি করপোরেশন ও নরসিংদী পৌর এলাকার সব প্রাথমিক বিদ্যালয় বন্ধ থাকবে বলে জানানো হয়েছিল।
তবে এখন সার্বিক পরিস্থিতির উন্নয়ন না হওয়ায় প্রাথমিক বিদ্যালয়গুলো বন্ধই রাখা হচ্ছে।
