কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে বিরাজমান পরিস্থিতি বিবেচনায় রোববার (৪ আগস্ট) সব ধরনের ভিসা এবং মার্কিন নাগরিকদের পরিষেবা সংক্রান্ত অ্যাপয়েন্টমেন্ট বাতিল করেছে ঢাকায় মার্কিন দূতাবাস।
শনিবার (৩ আগস্ট) রাতে ঢাকায় মার্কিন দূতাবাসের ফেসবুকে এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে।
বার্তায় বলা হয়, রোববার সব ভিসা এবং মার্কিন নাগরিক পরিষেবার অ্যাপয়েন্টমেন্ট বাতিল করা হবে এবং পরবর্তী তারিখে তা পুনঃনির্ধারিত করা হবে। মার্কিন দূতাবাস এদিন সীমিত কার্যক্রমের জন্য খোলা থাকবে।
যারা জরুরি ভ্রমণ করতে চায় তাদের উদ্দেশে বলা হয়েছে, জরুরি ভ্রমণ পরিকল্পনাসহ আবেদনকারীরা ustraveldocs.com.-এ একটি দ্রুত অ্যাপয়েন্টমেন্টের জন্য অনুরোধ করতে পারবে।
এছাড়া চলমান আন্দোলনকে কেন্দ্র করে অস্থিতিশীল পরিস্থিতির কারণে আরেকটি ফেসবুক বার্তায়, ঢাকায় থাকা নিজ দেশের নাগরিকদেরও সতর্ক থাকার আহ্বান জানিয়েছে মার্কিন দূতাবাস।
বার্তায় বলা হয়, মার্কিন নাগরিকরা এবং দূতাবাসের কর্মীরা যেন চলাচলের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করেন। বিক্ষোভ এবং যে কোনও বড় সমাবেশ এড়িয়ে চলার উপদেশ দেওয়া হয়েছে তাদের।
এছাড়া নিরাপত্তাহীনতা বোধ করলে নাগরিকদের মার্কিন যুক্তরাষ্ট্রে ফিরে যাওয়ার বিষয়টিও বিবেচনা করতে বলা হয়েছে। দূতাবাস কর্মীদের কূটনৈতিক এলাকায় চলাচলে সর্তক থাকার পাশাপাশি দুপুর ১২টা থেকে বিচারক শাহাবুদ্দীন আহমেদ পার্ক এড়িয়ে যেতে বলা হয়েছে।
বিবৃতিতে স্থানীয় ঘটনাসহ আশপাশের পরিস্থিতির বিষয়ে সচেতন থাকার পাশাপাশি কী ঘটছে সে বিষয়ে অবহিত থাকার জন্য স্থানীয় সংবাদমাধ্যমগুলো পর্যবেক্ষণ করার অনুরোধ জানানো হয়।
আবারও বন্ধ ট্রেন চলাচল