বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অসহযোগ কর্মসূচিকে কেন্দ্র করে দেশব্যাপী সহিংসতা ও হতাহতের ঘটনার পর সোমবার থেকে আবার তিনদিনের (৫, ৬ ও ৭ আগস্ট) সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। এ ছুটির সময়ে দেশের সব ব্যাংক ও পুঁজিবাজার বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে আর্থিক ও পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা।
এ সময়ে আর্থিক খাতের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ ব্যাংক ও পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনও (এসইসি) বন্ধ থাকবে।
বিভিন্ন ব্যাংক সূত্রে জানা গেছে, আগামী তিন দিন বন্ধ থাকলেও এ সময়ে চালু থাকবে ব্যাংকের এটিএম বুথ। ফলে গ্রাহকেরা প্রয়োজনে টাকা তুলতে পারবেন। পাশাপাশি ইন্টারনেট ব্যাংকিং ও মুঠোফোনে আর্থিক সেবা (এমএফএস) চালু থাকবে।
রবিবার থেকে আন্দোলনকারীদের অসহযোগ আন্দোলন কর্মসূচি শুরু হয়। এই কর্মসূচির মধ্যে সহিংসতা ছড়িয়ে পড়লে রাজধানী ঢাকার অনেক এলাকায় সকালের পর ব্যাংকের কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়। আবার নিরাপত্তার অভাবে অনেক ব্যাংক তাদের কিছু শাখা খোলেনি। রাজধানীর বিভিন্ন ব্যাংকে খোঁজ নিয়ে এ তথ্য পাওয়া গেছে।
জানা গেছে, অনেক ব্যাংক কিছু শাখা বন্ধ রাখার বিষয়ে গতকাল শনিবার সিদ্ধান্ত নেয়। ফলে ওই সব শাখা খোলা হয়নি। পাশাপাশি অনেক ব্যাংকের প্রধান কার্যালয়ের কিছু বিভাগের কর্মীদের বাসা থেকে অফিস (হোম অফিস) করার সুযোগ দিয়েছে।
চমেক হাসপাতালে চিকিৎসাধীন গুলিবিদ্ধ ২৬ জন 