একাত্তর, সময়সহ ৫ টেলিভিশন স্টেশনে হামলা

আপডেট : ০৬ আগস্ট ২০২৪, ০৩:৪৭ এএম

আন্দোলনের মুখে প্রধানমন্ত্রীর পদ ছেড়ে শেখ হাসিনা গতকাল সোমবার দেশ ছাড়ার পর পাঁচটি বেসরকারি টেলিভিশন স্টেশনের কার্যালয়ে হামলা হয়েছে। একাধিক টেলিভিশনের গাড়িতে অগ্নিসংযোগও করা হয়। রাজধানীর কারওয়ানবাজারে এটিএন বাংলার সামনে রাখা একাধিক গাড়ি ভাঙচুর করে ও আগুন দেয় বিক্ষুব্ধরা। এটিএন বাংলা কার্যালয়ের ভেতরে ঢুকে স্টেশনে হামলা চালায় তারা। সম্প্রচার বন্ধ না হলেও এটিএন বাংলার স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হয়।

কারওয়ানবাজারে আরেক গণমাধ্যম এটিএন নিউজের সামনে রাখা গাড়িতেও আগুন দেওয়া হয়। কার্যালয়ের ভেতরে ঢুকে ভাঙচুর চালায় বিক্ষুব্ধরা।

একাত্তর টেলিভিশনের বারিধারার কার্যালয়ের সামনে রাখা একাধিক গাড়িতে আগুন দেওয়া হয়। কার্যালয়ের ভেতরে ঢুকে চেয়ার-টেবিল, টেলিভিশন ও কম্পিউটার ভাঙচুর করা হয়েছে বলে টেলিভিশনটির একাধিক সাংবাদিক অভিযোগ করেছেন।

বীরউত্তম সি আর দত্ত সড়কে সময় টেলিভিশনের কার্যালয়ের নিচে রাখা গাড়ি ভাঙচুর করা হয়। বিক্ষুব্ধরা কার্যালয়ের ভেতরে ঢোকার চেষ্টা করে। এমন পরিস্থিতিতে সময় টেলিভিশনের কার্যালয়ে থাকা সংবাদকর্মীরা যে যে অবস্থায় ছিলেন সে অবস্থাতেই বের হয়ে যান বলে প্রতিষ্ঠানটির একাধিক কর্মী জানিয়েছেন।

তেজগাঁওয়ে ইনডিপেনডেন্ট টেলিভিশনের কার্যালয়ের নিচে রাখা গাড়ি ভাঙচুর করা হয়। বিক্ষুব্ধরা কার্যালয়ের ভেতরে ঢোকার চেষ্টা করলে নিরাপত্তাকর্মীরা তাদের আটকে দেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত