কুমিল্লায় ২ পুলিশ সদস্যকে পিটিয়ে হত্যা 

আপডেট : ০৬ আগস্ট ২০২৪, ০৫:০০ পিএম

কুমিল্লার তিতাস থানার পুলিশের দুই সদস্যকে পিটিয়ে হত্যা করা হয়েছে। এ ছাড়াও গুলিতে নিহত হয়েছেন আরেক যুবক। গতকাল সোমবার (৫ আগস্ট) রাতে এ ঘটনা ঘটে। 

নিহতরা হলেন- তিতাস থানার উপপরিদর্শক (এসআই) রেজাউল করীম ও কনস্টেবল মাইন উদ্দিন। তারা জনতার পিটুনিতে মারা গেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এছাড়া দাউদকান্দি উপজেলার তুজারভাঙা গ্রামের বাসিন্দা বাবু মিয়া (২১) গুলিতে মারা গেছেন।

এলাকাবাসী সূত্রে জানা যায়, শেখ হাসিনার পদত্যাগের পর সোমবার সন্ধ্যায় স্থানীয় বিক্ষুব্ধ জনতা তিতাস থানা ঘেরাও করতে গেলে পুলিশ গুলি ছুড়ে। এতে কমপক্ষে ৩০ জন গুলিবিদ্ধ হন। পরে সেনাবাহিনীর সদস্যরা থানায় পৌঁছে পুলিশ সদস্যদের উদ্ধার করেন। থানা পুলিশ সদস্যদের উদ্ধারের পর বিক্ষুব্ধ জনতা তিতাস থানা এবং থানার পাশের মার্কেটে অগ্নিসংযোগ করেন। এ সময় থানা পাহারায় থাকা ২ পুলিশ সদস্য জীবন রক্ষার্থে থানার পেছনের ফটক খুলে পালানোর চেষ্টা করেন। তখন বিক্ষুব্ধ জনতা তাদের দেখে পিটুনি দেয়। এতে ঘটনাস্থলেই দুজন মারা যান।

এ বিষয়ে তিতাস উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমাইয়া মমিন বলেন, থানার ওসি আমাদের জানিয়েছেন জনতা সব লুট করে নিয়ে গেছে। এখনও থানায় যাওয়ার পরিস্থিতি নেই। থানায় আগুন দেওয়া হয়েছে। গাড়ি পোড়ানো হয়েছে। লাশগুলো ময়নাতদন্ত শেষে পরিবারের নিকট হস্তান্তর করছেন তারা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত