চেয়ারম্যান টিপুকে গ্রেপ্তারের আলটিমেটাম সমন্বয়কদের

আপডেট : ০৭ আগস্ট ২০২৪, ০১:৪৪ এএম

বৈষম্যবিরোধী মিছিলে গুলি করে ৪ ছাত্রকে হত্যার ঘটনায় সদর উপজেলা চেয়ারম্যান এ কে এম সালাহ উদ্দিন টিপুকে ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন লক্ষ্মীপুরের কোটা আন্দোলনের সমন্বয়করা। টিপু জেলা যুবলীগের সাবেক সভাপতি ও সাবেক মেয়র প্রয়াত আবু তাহেরের মেজ ছেলে। একই সঙ্গে জেলা ছাত্রলীগের সভাপতি সাইফুল ইসলাম রকি, সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন ভূঁইয়া, কলেজ ছাত্রলীগের সেক্রেটারি সেবাব নেওয়াজকে গ্রেপ্তারের দাবি জানান তারা।

গত সোমবার বিকেলে লক্ষ্মীপুর প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি জানান তারা। এতে বক্তব্য রাখেন বৈষম্যবিরোধী ছাত্র অন্দোলনের লক্ষ্মীপুরের প্রধান সমন্বয়ক এনামুল হক, সমন্বয়ক আবদুর রহিম আসাদ, ইমাম মোহাম্মদ রায়হান, নাসিরুজ্জামান, আফিয়া ইভনান।

লক্ষ্মীপুরের বৈষম্যবিরোধী আন্দোলনরত সব ছাত্র-জনতার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে সমন্বয়করা জানান, গত ১ মাস থেকে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জেলায় তারা শান্তিপূর্ণ আন্দোলন করে আসছিলেন। গত রবিবার বৈষম্যবিরোধী মিছিলে উপজেলা চেয়ারম্যান ও যুবলীগের ক্যাডার এ কে এম সালাহ উদ্দিন টিপু গুলিবর্ষণ করে আন্দোলনরত ৪ শিক্ষার্থীকে হত্যা করে। এ সময় ছাত্রলীগ সভাপতি সাইফুল ইসলাম রকি ও সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন ভূঁইয়ার নেতৃত্বে সেবাব নেওয়াজসহ ছাত্রলীগ-যুবলীগের গুলিতে দুই শতাধিক আন্দোলনকারী গুরুতর আহত হয়েছে। তাই সন্ত্রাসী সালাহ উদ্দিন টিপুকে ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করতে হবে এবং শাস্তি নিশ্চিত করতে হবে। একই সঙ্গে জেলা ছাত্রলীগের সভাপতি সাইফুল ইসলাম রকি, সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন ভূঁইয়া, কলেজ ছাত্রলীগের সেক্রেটারি সেবাব নেওয়াজকে গ্রেপ্তার করতে হবে।

এ সময় আন্দোলনে অংশ নেওয়া শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে তারা। সেই সঙ্গে যারা আন্দোলনে অংশ নিয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, লক্ষ্মীপুর জেলায় আন্দোলনে যে শিক্ষার্থীরা শহীদ হয়েছে। তাদের প্রত্যেক পরিবের একজন করে সরকারি চাকরি নিশ্চিত করতে হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত