প্রধানমন্ত্রীর মুখ্য সচিবের নিয়োগ বাতিল

পদত্যাগ অ্যাটর্নি জেনারেলের

আপডেট : ০৮ আগস্ট ২০২৪, ০৭:০৬ এএম

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়ার চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করা হয়েছে। গতকাল বুধবার এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

আগে থেকেই চুক্তিতে থাকা তোফাজ্জল হোসেন মিয়ার চুক্তির মেয়াদ গত মাস থেকে আরও বাড়ানো হয়েছিল। চুক্তি বাতিলের প্রজ্ঞাপনে বলা হয়, তোফাজ্জল হোসেন মিয়ার চুক্তির অবশিষ্ট অংশ বাতিল করা হয়েছে।

চাকরির স্বাভাবিক মেয়াদ শেষ করে গত বছরের ৪ জুলাই তোফাজ্জল হোসেন মিয়ার অবসরে যাওয়ার কথা ছিল। কিন্তু তখন তার অবসরোত্তর ছুটি এবং এ-সংক্রান্ত সুবিধা স্থগিতের শর্তে পরবর্তী এক বছরের জন্য তাকে চুক্তিতে নিয়োগ দেয় সরকার। সেই মেয়াদ শেষে গত ৫ জুলাই থেকে তার চুক্তির মেয়াদ আরও এক বছর বাড়ানো হয়।

এদিকে চুক্তিভিত্তিতে থাকা প্রশাসনের আরও কয়েক কর্মকর্তার চুক্তির মেয়াদ বাতিল হতে পারে বলে প্রশাসনে আলোচনা চলছে। এরই মধ্যে এর আগে বিভিন্ন সময়ে পদ-পদোন্নতিবঞ্চিত কর্মকর্তারা তৎপর হয়েছেন। গতকাল আইজিপি পদে থাকা চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের চুক্তি বাতিল করে মো. ময়নুল ইসলামকে নতুন আইজিপি নিয়োগ দেওয়া হয়েছে।

অ্যাটর্নি জেনারেল পদ ছাড়লেন : পদত্যাগ করেছেন অ্যাটর্নি জেনারেল আবু মোহাম্মদ (এ এম) আমিন উদ্দিন। গতকাল বুধবার দুপুরে রাষ্ট্রপতি বরাবরে তিনি পদত্যাগপত্র দেন। এতে তিনি ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন। ২০২০ সালের ২৭ সেপ্টেম্বর করোনায় আক্রান্ত মৃত্যুবরণ করেন তখনকার অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। একই বছরের ৮ অক্টোবর জ্যেষ্ঠ আইনজীবী এএম আমিন উদ্দিনকে রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা হিসেবে নিয়োগ দেন রাষ্ট্রপতি। মৌলভীবাজারের কূলাউড়ার বাসিন্দা অ্যাডভোকেট এ এম আমিন উদ্দিন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির (সুপ্রিম কোর্ট বার) ২০১৯-২০২০ ও ২০২০-২০২১ মেয়াদে সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। এর আগে তিনি সুপ্রিম কোর্ট বারের সম্পাদক ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করেন। প্রসঙ্গত, গত মঙ্গলবার ব্যক্তিগত ও স্বাস্থ্যগত কারণ দেখিয়ে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল পদ থেকে পদত্যাগ করেন জ্যেষ্ঠ আইনজীবী শেখ মোহাম্মদ মোরশেদ। তিনি এ পদে ২০২১ এর ২৪ জানুয়ারি থেকে দায়িত্ব পালন করে আসছিলেন।

জাবি উপাচার্য ও রেজিস্ট্রারদের পদত্যাগ : জাবি প্রতিনিধি জানান, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নূরুল আলম ও রেজিস্ট্রার আবু হাসান পদত্যাগ করেছেন।

গতকাল বুধবার বিশ্ববিদ্যালয়ের সদ্য সাবেক রেজিস্ট্রার আবু হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে উপাচার্যের পদত্যাগের তথ্য জানানো হয়। এ ছাড়া রেজিস্ট্রার আবু হাসান নিজেই তার পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছেন।

আবু হাসান স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে রাষ্ট্রপতি বরাবর লিখিত অধ্যাপক ড. নূরুল আলমের একটি চিঠি উল্লেখ করা হয়। ওই চিঠিতে উপাচার্য বলেছেন, আমাকে গত ১৩ সেপ্টেম্বর ২০২২ তারিখে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ প্রদান করা হয়েছিল এবং সে অনুসারে আমি আমার দায়িত্ব পালনে সর্বোচ্চ সচেষ্ট ছিলাম। বর্তমানে ব্যক্তিগত ও পারিবারিক কারণে আমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদ থেকে পদত্যাগ করলাম। বর্ণিত অবস্থায় আমার পদত্যাগপত্র গ্রহণ করার জন্য আপনাকে বিনীত অনুরোধ করছি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত