ড. মুহাম্মদ ইউনূস

নানা অপবাদ ও মামলার যন্ত্রণায় কেটেছে গত ১৫ বছর

আপডেট : ০৮ আগস্ট ২০২৪, ১২:২৩ পিএম

পৃথিবীর সবচেয়ে সম্মানিত পুরস্কার হিসেবে বিবেচনা করা হয় নোবেল পুরস্কারকে। দারিদ্র্যের বিরুদ্ধে তার নিরলস লড়াইয়ের স্বীকৃতি হিসেবে ড. মুহাম্মদ ইউনূস সর্বোচ্চ এই সম্মান পেয়েছেন। এরপর বিশ্ব জুড়ে তাকে সম্মানিত করা হয়। তবে গত ১৫ বছর খুব একটা সুখকর ছিল না বিশ্বখ্যাত এই অর্থনীতিবিদের।

আওয়ামী লীগ সরকারের টানা প্রায় ১৬ বছরের শাসনকালে সরকারের শীর্ষপর্যায় থেকে নানা বিষয়ে অপমান, অপদস্থ ও যন্ত্রণা সইতে হয়েছে নোবেলজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে। সদ্য পদত্যাগ করা প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে নিয়ে নানা সময় ‘রক্তচোষা’ ও ‘সুদখোর’ বলে কটূক্তি করেন। পদ্মা সেতু প্রকল্পে বিশ্বব্যাংকের সহায়তা বাতিল হলে ষড়যন্ত্রের অভিযোগ আনা হয় তার বিরুদ্ধে। এমনকি পদ্মা সেতু চালুর পর শেখ হাসিনা বলেছিলেন, ‘ড. ইউনূসকে পদ্মা নদীতে দুটি চুবানি দিয়ে সেতুতে তুলে দেওয়া উচিত।’

গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের পদ থেকে ড. ইউনূসকে সরিয়ে দিয়েছিল আওয়ামী লীগ সরকার। এ নিয়ে উচ্চ আদালতে গেলেও হেরে যান তিনি। এরপর গ্রামীণ টেলিকমের অর্থ তছরুপ, শ্রম আইনের বিধি না মানাসহ নানা অভিযোগে একের পর এক মামলার বিষয়ে ড. ইউনূস বরাবরই নিজেকে নির্দোষ দাবি করে তাকে হয়রানির কথা বলে আসছিলেন। তিনি বলেছেন, তার প্রতিষ্ঠিত অর্ধশতাধিকের বেশি প্রতিষ্ঠানে তার কোনো মালিকানা নেই এবং এসব প্রতিষ্ঠান থেকে তিনি কোনো লভ্যাংশ নেন না। এসব প্রতিষ্ঠানের সবই মানুষের ও প্রতিষ্ঠান সংশ্লিষ্টদের কল্যাণে। দুর্নীতি দমন কমিশনের (দুদক) একটি মামলায় গত ২ জুন ড. ইউনূসকে ঢাকার সংশ্লিষ্ট বিশেষ জজ আদালতের এজলাসে লোহার খাঁচার ভেতরে গিয়ে দাঁড়াতে হয়। ওইদিন তিনি উপস্থিত সাংবাদিকদের বলেছিলেন, ‘মহাকাব্যে কিছু দেবদেবী থাকে যারা অভিশপ্ত। তারা যাদের ওপর অভিশাপ দেয় তারা অভিশপ্ত জীবনযাপন করে। আমিও মনে হয় এ রকম মহাকাব্যের অংশ হয়ে গেছি। কোনো দেবদেবী আমার ওপর অসন্তুষ্ট হয়েছে, আমাকে অভিশাপ দিয়েছে। সেই অভিশাপের কারণে আজকে এখানে হাজির হয়েছি। লোহার খাঁচায় দাঁড়ানো অভিশপ্ত জীবনের অংশ।’

একই মামলায় ১২ জুন আবারও লোহার খাঁচায় গিয়ে হাজিরা দিয়ে বেরিয়ে তিনি সাংবাদিকদের বলেছিলেন, ‘যত দিন কোনো ব্যক্তি অপরাধী হিসেবে দোষী সাব্যস্ত না হচ্ছেন, তত দিন নিরপরাধ হিসেবে বিবেচিত হবেন। একজন নিরপরাধ নাগরিককে শুনানির সময় লোহার খাঁচার মধ্যে দাঁড়িয়ে থাকতে হবে, এটা আমার কাছে অত্যন্ত অপমানজনক। এটা গর্হিত কাজ। একটা সভ্য দেশে কেন একজন নাগরিককে মামলার শুনানির সময় পশুর মতো দাঁড়িয়ে থাকতে হবে?’ এ মামলায় গত ১৫ জুলাই সর্বশেষ হাজিরা দেন তিনি। তবে, ওই দিন লোহার খাঁচায় হাজিরা দিতে না হওয়ায় স্বস্তি প্রকাশ করেন তিনি। তাড়াহুড়ো বিচার নিয়ে ড. ইউনূস বলেছিলেন, ‘কিছু একটার শিকার হচ্ছি তো, এটা পরিষ্কার। এটা প্রতিহিংসা বলেন, বিদ্বেষ বলেন সবকিছু মিলিয়েই।’

এ ছাড়া শ্রম আদালত ও শ্রম আপিল ট্রাইব্যুনালে জামিন নিতে ও হাজিরা দিতে গিয়েও মামলার যন্ত্রণার কথা প্রায়ই সাংবাদিকদের সামনে উপস্থাপন করতেন ড. ইউনূস। গত ৪ জুলাই এ মামলায় হাজিরা দিয়ে জামিন নিয়েছিলেন তিনি।

শ্রম আইনের মামলায় সাজা বাতিল : শ্রম আইনের মামলায় ড. মুহাম্মদ ইউনূসসহ চারজনের ছয় মাসের দণ্ড ও জরিমানা বাতিল করে গতকাল রায় দিয়েছে ঢাকার শ্রম আপিল ট্রাইব্যুনাল। ট্রাইব্যুনালের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) এমএ আউয়াল চারজনের আপিল মঞ্জুর করে তাদের বেকসুর খালাস দিয়ে এ রায় দেন।

আদালতে ড. ইউনূসের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী আব্দুল্লাহ আল মামুন। তিনি দেশ রূপান্তরকে বলেন, ‘বিচারিক আদালতের রায়টি বাতিল করে খালাস দিয়েছে শ্রম আপিল ট্রাইব্যুনাল।’

গত ১ জানুয়ারি ঢাকার তৃতীয় শ্রম আদালত এক রায়ে ড. ইউনূস, প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আশরাফুল হাসান, দুই পরিচালক নুরজাহান বেগম ও মো. শাহজাহানকে ছয় মাস করে কারাদণ্ড ও প্রত্যেককে ৩০ হাজার টাকা করে জরিমানার আদেশ দেয়। গত ২৮ জানুয়ারি শ্রম আপিল ট্রাইব্যুনাল তাদের আপিল শুনানির জন্য গ্রহণ করে তাদের জামিন দেয়। একই সঙ্গে আপিল নিষ্পত্তি পর্যন্ত কারাদণ্ড ও অর্থদণ্ডের অংশটুকু স্থগিত করে ট্রাইব্যুনাল। হাইকোর্টে রিভিশন আবেদন করে বাদীপক্ষ কল-কারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর। গত ৫ ফেব্রুয়ারি চারজনের দণ্ড স্থগিত করে শ্রম আপিল ট্রাইব্যুনালের দেওয়া আদেশের ওপর স্থগিতাদেশ দিয়ে রুল দেয় হাইকোর্ট। একই সঙ্গে চারজনকে বিদেশে যেতে হলে আপিল ট্রাইব্যুনালকে অবহিত করতে হবে বলে আদেশ দেয় আদালত। এর ধারাবাহিকতায় গত ১৮ মার্চ হাইকোর্ট রুল যথাযথ ঘোষণা করে রায় দিয়ে শ্রম আপিল ট্রাইব্যুনালের আদেশটিকে (সাজা স্থগিত) বাতিল করে। গত জুলাইয়ের প্রথম সপ্তাহে হাইকোর্টের এই পূর্ণাঙ্গ রায়ে মামলাটি যত দ্রুত সম্ভব নিষ্পত্তির নির্দেশ দিয়েছিল হাইকোর্ট। ১৪ আগস্ট এ মামলায় ড. ইউনূসের আদালতে হাজির হওয়ার কথা ছিল।

ড. ইউনূসসহ বেশ কয়েকজনের বিরুদ্ধে গ্রামীণ টেলিকমের শ্রমিক কর্মচারীদের কল্যাণ তহবিল-সংক্রান্ত দুর্নীতি দমন কমিশনের (দুদক) একটি মামলা রয়েছে। এটি করা হয় গত বছরের ৩০ মে। এ মামলায় গত ২৯ জানুয়ারি ১৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয় দুদক। এরপর ৩ মার্চ ড. ইউনূসসহ অন্যরা এ মামলায় বিচারিক আদালত থেকে জামিন পান। গত ১২ জুন ঢাকার বিশেষ জজ আদালত-৪ বিচার শুরুর আদেশ দেয়। সাক্ষ্যগ্রহণের পর্যায়ে থাকা এ মামলাটির কার্যক্রম বাতিল চেয়ে গত ৮ জুলাই হাইকোর্টে আবেদন করেছিলেন ড. ইউনূস। গত ২৪ জুলাই হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ এ আবেদন খারিজ করার পাশাপাশি মামলাটির বিচারকাজ এক বছরের মধ্যে নিষ্পত্তির নির্দেশ দেয় আদালত।

গতকাল ড. ইউনূসের আইনজীবী ব্যারিস্টার আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘নিম্ন আদালতে এ মামলাটি এখনো শুনানির প্রাথমিক ধাপে আছে। আমরা শিগগির আপিল বিভাগে আপিল করে মামলার কার্যক্রম বাতিল চাইব।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত