ছাত্ররাজনীতি মুক্ত হল গড়ার শপথ ঢাবির জিয়া হলের শিক্ষার্থীদের

আপডেট : ০৯ আগস্ট ২০২৪, ০৫:০৮ পিএম

ছাত্ররাজনীতি মুক্ত হল গড়ার লক্ষ্যে শপথ গ্রহণ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের জিয়াউর রহমান হলের সাধারণ শিক্ষার্থীরা। শুক্রবার (৯ আগস্ট) জুমার নামাজ শেষে হল প্রাঙ্গণে এসে সকলে শপথ গ্রহণ করেন।

এ সময় শহীদের স্মরণে এক মিনিট নীরবতা পালন এবং শহীদদের ত্যাগের সাথে একাত্মতা ঘোষণা করে মুক্তিরও মন্দিরও সোপানও তলে গানটি পরিবেশন করা হয়।

শপথে বলা হয়, আমরা শহীদ আবু সাঈদ, মুগ্ধ, শত শত শহীদের নামে শপথ করতেছি যে, মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল ছাত্ররাজনীতি মুক্ত রাখার ক্ষেত্রে সর্বদা সচেষ্ট থাকব। হলকে শিক্ষা ও শিক্ষার্থী বান্ধব করে গড়ে তুলব। হলের শৃঙ্খলা বজায় রাখব। শিক্ষার্থী বিরোধী কর্মকাণ্ডে জড়িত হলের প্রভোস্ট, আবাসিক শিক্ষক ও সন্ত্রাসীদের হলে প্রবেশ করতে দেব না। প্রত্যক্ষ ও পরোক্ষভাবে গণহত্যার সাথে জড়িত ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, হলের প্রভোস্ট, প্রক্টর ও শিক্ষকগণের বিরুদ্ধে প্রশাসনিক ও আইনানুগ ব্যবস্থা গ্রহণ না করা অবধি আমরা, মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের শিক্ষার্থীরা, আমাদের প্রতিবাদী কণ্ঠস্বর জারি রাখব।

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ৯ দফার একটি দফা ছিল ক্যাম্পাসে সকল প্রকার ছাত্র রাজনীতি নিষিদ্ধ করতে হবে। তারই প্রেক্ষিতে শিক্ষার্থীদের এই শপথ গ্রহণ কার্যক্রম।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত