চীন সহযোগিতা বাড়াতে কাজ করতে চায়

আপডেট : ১০ আগস্ট ২০২৪, ০৩:৫৬ এএম

নোবেলজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত অন্তর্র্বর্তীকালীন সরকারকে স্বাগত জানিয়ে বাংলাদেশের সঙ্গে সহযোগিতা বাড়াতে কাজ করার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছে চীন।

গতকাল শুক্রবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে মুখপাত্র জানান, বাংলাদেশে অন্তর্র্বর্তীকালীন সরকার গঠনের ব্যাপারে তারা অবগত এবং এই সরকারের পদক্ষেপকে তারা স্বাগত জানান।

তিনি আরও জানান, অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে চীন কোনো হস্তক্ষেপ করে না এবং তারা এই নীতিতেই অটল আছেন। এ ছাড়া চীন বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখ-তাকে সম্মান করে বলেও উল্লেখ করেন তিনি।

চীন ভালো প্রতিবেশী এবং বাংলাদেশের মানুষের সঙ্গে বন্ধুত্বের নীতিতে অটল রয়েছে উল্লেখ করে এই মুখপাত্র বলেন, চীন ও বাংলাদেশের বন্ধুত্ব দীর্ঘদিনের এবং এই সম্পর্ক অনেক গভীর। চীন বাংলাদেশের সঙ্গে এই সম্পর্ককে মূল্যবান মনে করে।

দ্বিপক্ষীয় যোগাযোগ ও সহযোগিতার উন্নয়ন এবং সমন্বিত কৌশলগত সহযোগিতামূলক অংশীদারত্বকে আরও এগিয়ে নিতে চীন বাংলাদেশের সঙ্গে কাজ করতে প্রস্তুত বলে এ সময় উল্লেখ করা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত