বিশ্বের অন্যতম জনপ্রিয় গায়ক অরিজিৎ সিং। সম্প্রতি পশ্চিমবঙ্গের ডুয়ার্সের এক রেস্তোরাঁয় আচমকাই দেখা মেলে গায়কের। সেই মুহূর্তটি উঠে এসেছে সামাজিক মাধ্যমে। জানা গেছে, বৃহস্পতিবার সেখানেই রাতের খাবার খান তিনি। খাবারের মেনুতে ছিল ভাত, ডাল, আলু ভাজা, চিকেন। খাবার খেয়েই তিনি শিলিগুড়ির দিকে চলে যান। অরিজিৎ-এর রেস্তোরাঁ ঢোকার দৃশ্য ক্যামেরাবন্দি হয় সিসিটিভিতে। ডুয়ার্সের স্থানীয় একটি গণমাধ্যমের বরাতে এমনটি জানিয়েছে হিন্দুস্তান টাইমস।
যদিও কী কারণে অরিজিৎ এসেছিলেন সে বিষয়ে স্পষ্ট কিছু জানা যায়নি। তবে রেস্তোরাঁর মালিক জানান, বৃহস্পতিবার রাতে দু-তিনটি গাড়ি তার রেস্তোরাঁর সামনে এসে দাঁড়ায়। তাদের মধ্যে দু-তিনজন দুপুরে সেখানেই খেয়েছিলেন। তারা বলেছিলেন, রাতে তারা আবার আসতে পারেন। এরপর রাতে তারা আবার এসে খাবারের অর্ডার দেন। সে সময় হঠাৎই গাড়ি থেকে নেমে আসেন অরিজিৎ সিং।
সিসিটিভি ফুটেজে উঠে আসা ছবিতে অরজিৎকে একটা ছিমছাম গেরুয়া রঙের টি-শার্ট ও খাঁকি রঙের প্যান্টে দেখা যায়। এদিন অরিজিৎকে সামনে পেয়ে খুশি রেস্তোরাঁ মালিক। তিনি বলেন, ‘এত বড় শিল্পীকে সামনে থেকে দেখতে পাব জীবনেও ভাবিনি। শুনেছি হাসিমারার কাছাকাছি কোনো জায়গায় তিনি এসেছিলেন। খাবার খেয়ে শিলিগুড়ির দিকে চলে যান তিনি ও তার দলের সদস্যরা।’
তবে অরিজিৎ ঠিক কী কারণে ডুয়ার্সে গিয়েছিলেন তা স্পষ্ট নয়। তিনি কোনো গানের অনুষ্ঠানের জন্য সেখানে গিয়েছিলেন কিনা তাও স্পষ্ট নয়।
তবে এই প্রথম নয়, এর আগেও বহুবার চুপি চুপি ডুয়ার্সে গিয়েছেন অরিজিৎ সিং। কারণ নামী ও জনপ্রিয় গায়ক হওয়া সত্ত্বেও সিধেসাধা জীবনই পছন্দ অরিজিৎ। এর আগে পরিবারের সঙ্গে ছুটি কাটাতে একবার সামসিং-এর কাছে সুনতালেখোলা গিয়ে সেখানকার হোটেল কর্মীর সঙ্গে ক্যামেরাবন্দি হয়েছিলেন অরিজিৎ।
প্রসঙ্গত, এই মুহূর্তে বলিউডের এক নম্বর গায়ক অরিজিৎ সিং। তবে অরিজিৎ-এর জনপ্রিয়তা শুধু ভারতেই আটকে নেই। উপমহাদেশের গণ্ডি পেরিয়ে গোটা বিশ্বজুড়ে এখন খ্যাতির শীর্ষে জিয়াগঞ্জের এই ছেলে। সম্প্রতি তিনি বিশ্বখ্যাত পপ তারকা টেলর সুইফটকে ছাড়িয়ে গিয়েছেন। গান শোনার অন্যতম জনপ্রিয় প্ল্যাটফর্ম স্পটিফাই। গান শোনার পাশাপাশি ওই প্ল্যাটফর্মে শ্রোতাদের জন্য পছন্দের গায়ক-গায়িকাকে ‘ফলো’ করার সুযোগও থাকে। সেই অনুরাগী সংখ্যার হিসাবেই টেলর সুইফটকে হারিয়ে গোটা বিশ্বে এক নম্বরে পৌঁছে গিয়েছেন অরিজিৎ সিং।
দুশ্চিন্তায় ফারিণ!
‘বাকস্বাধীনতা’য় ভাবনার ৮ ছবি