রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় (শেকৃবি) ছাত্রলীগের নেতৃবৃন্দের রুমে তল্লাশি চালান সাধারণ শিক্ষার্থীরা। এ সময় সাবেক ছাত্রলীগ সভাপতি এস এম মাসুদুর রহমান মিঠুর রুম থেকে বর্তমানে বিশ্ববিদ্যালয় কর্মরত একাধিক শিক্ষক-কর্মকর্তার জীবনবৃত্তান্ত, বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র এবং মাদক উদ্ধার করেন সাধারণ শিক্ষার্থীরা।
শুক্রবার মধ্যরাতে সাধারণ শিক্ষার্থীদের একটি গ্রুপ শেকৃবি ছাত্রলীগের সাবেক সভাপতি এস এম মাসুদুর রহমান মিঠু, সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান এবং পদপ্রত্যাশী জামিউল আলম পরশ, আরিফুল আরিফ, রুদ্র নাথ টুটনের রুমে তল্লাশি চালায়। এ সময় এস এম মাসুদুর রহমান মিঠুর রুম থেকে বর্তমানে বিশ্ববিদ্যালয়ে কর্মরত একাধিক শিক্ষক এবং কর্মকর্তার সুপারিশকৃত জীবনবৃত্তান্ত, বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র এবং মাদক উদ্ধার করেন সাধারণ শিক্ষার্থীরা।
উদ্ধার করা সুপারিশকৃত জীবনবৃত্তান্তের শিক্ষকরা হলেন- কৃষি অনুষদের বায়োটেকনোলজি বিভাগের শিক্ষিকা শামীম আরা সুমি, বোটানি বিভাগের শিক্ষিকা শারমিন আক্তার রানু, বায়োকেমিস্ট্রি বিভাগের শিক্ষক মুন্সি মোহাম্মদ সুমন। এগ্রিবিজনেস ম্যানেজমেন্ট অনুষদের ডেভেলপমেন্ট অ্যান্ড প্রোভার্টি স্টাডিজ বিভাগের শিক্ষক মো. হায়দার খান সুজন, ফাইন্সান অ্যান্ড ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষিকা সিরাজুম মুনিরা, এগ্রিকালচারাল ইকোনমিকস বিভাগের শিক্ষিকা ফাতেমা তুস সাদিয়া।
উদ্ধার করা সুপারিশকৃত জীবনবৃত্তান্তের কর্মকর্তারা হলেন- উজ্জ্বল হোসেন এবং সাবেরী আনোয়ার। চাকরি প্রত্যাশী আরও ডজনখানেক জীবনবৃত্তান্ত উদ্ধার করে সাধারণ শিক্ষার্থীরা। এছাড়াও উদ্ধার করা হয় দেশীয় অস্ত্র, রামদা, চাপাতি, রডসহ বিদেশি মদের বোতল এবং এক ভারতীয় নাগরিকের আধার কার্ড।
এই বিষয়ে কথা বলতে একাধিকবার কল করা হলেও এস এম মাসুদুর রহমান মিঠুর ফোন বন্ধ পাওয়া যায়। সাবেক ছাত্রলীগ সভাপতি এস এম মাসুদুর রহমান মিঠুর সুপারিশে কোনো নিয়োগ দেওয়া হয়েছে কি না জানতে চাইলে সদ্য পদত্যাগ করা উপাচার্য শহীদুর রশিদ ভূইয়া বলেন, না, দেইনি।
ঢামেকে ছাত্র রাজনীতি নিষিদ্ধ