১৫ পুলিশ সদস্যকে পিটিয়ে হত্যার ঘটনার ছয় দিন পর সিরাজগঞ্জের এনায়েতপুর থানার কার্যক্রম শুরু হয়েছে। গতকাল শনিবার দুপুর ১২টার পর এই থানার কার্যক্রম চালু হয়।
গত ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অসহযোগ কর্মসূচি চলাকালে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের সময় দুর্বৃত্তদের দেওয়া আগুনে এনায়েতপুর থানার সব অবকাঠামো পুড়ে যায়। এ সময় পুলিশের গুলিতে ৩ জন বিক্ষোভকারী এবং বিক্ষুব্ধদের পিটুনিতে ১৫ পুলিশ সদস্য নিহত হন। এরপর থেকে ছয় দিন এই থানার কার্যক্রম বন্ধ ছিল। ইতিমধ্যে এ থানায় নতুন ওসিকে পদায়ন করা হয়েছে। হাসিব আলম নতুন ওসি হিসেবে যোগ দেন। থানা ভবন সম্পূর্ণ পুড়ে যাওয়ায় থানা চত্বরে তাঁবু টানিয়ে গতকাল প্রাথমিকভাবে পুলিশের কার্যক্রম শুরু করা হয়। আজ রবিবার থেকে পুড়ে যাওয়া মূল থানা কার্যালয়ের পাশের ভবনে পুরোপুরিভাবে সব কার্যক্রম শুরু হবে বলে জানা গেছে।
