শাহ আমানতে আ.লীগ নেতাদের ঠেকাতে বিশেষ টিম

আপডেট : ১১ আগস্ট ২০২৪, ০৩:৪৩ এএম

আওয়ামী লীগ এবং তার সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের শীর্ষ ও মাঝারি পর্যায়ের নেতাদের বিদেশে পালিয়ে যাওয়া ঠেকাতে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ বিশেষ টিম গঠন করেছে। ওই নেতাদের দেখলেই চিনবেন এমন ব্যক্তিদের দিয়ে এ টিম গঠন করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন তসলিম আহমেদ বলেন, ‘ছাত্র-জনতার আন্দোলনের মুখে ৫ আগস্ট শেখ হাসিনার পদত্যাগ ও দেশত্যাগের পর চট্টগ্রামের বাসিন্দা এবং আওয়ামী লীগ অথবা তার অঙ্গসংগঠনের নেতা দেশ ছাড়তে পারেন। এই তথ্যের ভিত্তিতে একটি বিশেষ টিম গঠন করা হয়েছে।’ 

৭ আগস্ট সৌদি আরবে যাওয়ার আগে নগর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আজিজুর রহমান আজিজকে আটক করা হয়েছে বলে জানিয়ে বিমানবন্দরের শীর্ষ এই কর্মকর্তা বলেন, ‘চট্টগ্রামের আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনের শীর্ষ ও মাঝারি পর্যায়ের নেতাদের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে বিদেশে পালানোর সম্ভাবনা কম। ইতিমধ্যে সাবেক সরকারের প্রভাবশালী দুজন মন্ত্রী, প্রতিমন্ত্রী ও ছাত্রলীগ নেতা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে পালানোর চেষ্টা করতে গিয়ে আটক হয়েছেন।’

বিমানবন্দরের একটি সূত্র জানিয়েছে, চট্টগ্রাম উত্তর ও দক্ষিণ জেলা এবং নগর আওয়ামী যুবলীগের একাধিক শীর্ষ ও মাঝারি পর্যায়ের নেতার একটি তালিকা ইমিগ্রেশন কর্তৃপক্ষের কাছে রয়েছে। তালিকায় থাকা নেতাদের কেউ বিমানবন্দরে গেলেই আটক করা হবে।

জানা গেছে, দেশত্যাগের পর ৯ আগস্ট রাত পৌনে ১টার দিকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে আটক হন চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এবং কেন্দ্রীয় আওয়ামী লীগের যুব ও ক্রীড়া উপকমিটির সদস্য নুরুল আজিম রনি।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে চট্টগ্রামে বিক্ষোভরত ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় তার নাম সামনে আসে। রনি সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের অনুসারী হিসেবে পরিচিত। এর আগে বুধবার (৭ আগস্ট) সন্ধ্যায় শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চট্টগ্রাম মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আজিজুর রহমান আজিজকে আটক করেছেন বিমানবন্দরের নিরাপত্তারক্ষীরা।

ওমরাহ ভিসা নিয়ে সৌদি আরবে যাওয়ার সময় তাকে আটক করা হয় বলে জানিয়েছেন শাহ আমানত বিমানবন্দরের পরিচালক উইং কমান্ডার তসলিম আহমেদ। তিনি বলেন, ‘আটক করে তাকে সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে।’

প্রসঙ্গত, ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে চট্টগ্রামের নিউমার্কেট চত্বরে সংঘর্ষে আহত হন আজিজুর রহমান আজিজ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত