দশম শ্রেণিতে পড়ুয়া রিমা আক্তার, মহিমা আক্তার ও মীম আক্তার। শেওড়াপাড়ার মেট্রোরেল সংলগ্ন পিলারে দক্ষ হাতে ‘তারুণ্যের বিজয়’ শিরোনামে একটি গ্রাফিতি এঁকেছেন। যেখানে লাল-সবুজের জাতীয় পতাকার সঙ্গে স্থান পেয়েছে তরুণদের বিদ্রোহী চেতনার রূপ। নিজ উদ্যোগে এরকম ১৫টি গ্রাফিতি এঁকেছেন তারা। যা নজর কাড়ছে যাত্রীদের। তাদের এই গ্রাফিতি দেখতে বাসের জানালা দিয়ে অনেকেই উঁকি দিয়ে দিচ্ছেন, কেওবা মোটরসাইকেল থামিয়ে ছবি তুলছেন।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা সরকার পতনের এক দফা দাবির আন্দোলনের মুখে পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা। গত ৫ আগস্ট শেখ হাসিনার পদত্যাগ করে দেশ ছাড়ার পর নতুন অন্তবর্তীকালীন সরকার গঠিত হয়েছে। যে সরকারের কাছে ছাত্র-জনতার আকাঙ্খা বৈষম্যহীন সমাজের। যে সমাজে থাকবে না ধর্ম-বর্ণের ভেদাভেদ। ঠিক এমন বাংলাদেশের স্বপ্নে শিক্ষার্থীরা রাজধানীজুড়ে রং-তুলিতে নতুন কিছু ফুটিয়ে তুলছেন। যেখাসে স্থান পাচ্ছে কোটা সংস্কার আন্দোলনে শহীদ শিক্ষার্থীদের ছবি, আন্দোলনে ব্যবহৃত বিভিন্ন স্লোগান, সরকার পতনের পর ছাত্র-জনতার উল্লাসের ছবি।
শেওড়াপাড়ার হাজী আশরাফ আলী হাইস্কুলের দশম শ্রেণীর শিক্ষার্থী রিমা আক্তার। তারা তিন বান্ধবী মিলে নিজেদের অর্থে রং-তুলি কিনে গ্রাফিতির কাজ করছেন। এসময় তার সঙ্গে কথা হয় এই প্রতিবেদকের। তিনি দেশ রূপান্তরকে বলেন, ‘আমরা বৈষম্যহীন সংঘাতমুক্ত একটি রাষ্ট্র চাই। তাই নিজের অর্থে রং-তুলি কিনে বিজয়ের গ্রাফিতি আঁকছি। যা আমাদের মনে প্রশান্তি জাগাচ্ছে। আমরা মিরপুর-১০সহ শেওড়াপাড়ায় এখন পর্যন্ত ১৫টি গ্রাফিতি এঁকেছি। আরও আঁকার চেষ্টা করছি।’
শিক্ষার্থীরা যখন রং-তুলিতে নতুন কিছু করায় ব্যস্ত ঠিক তখনি আছমা আক্তার নামের এক নারী বিস্কুট ও পানি নিয়ে হাজির। শিক্ষার্থীদের এমন কাজকে সাধুবাদ জানিয়ে তিনি পানি ও বিস্কুট তাদের হাতে তুলে দেন। এসময় আছমা আক্তার দেশ রূপান্তরকে বলেন, রোদ-বৃষ্টি উপেক্ষা করে শিক্ষার্থীরা শহরকে নতুর রূপ দিচ্ছে, যা সত্যিই আনন্দের। এর আগে কখনও শিক্ষার্থীদের এমন উৎসাহ নিয়ে নতুন কিছু করতে দেখিনি। তাই তাদের উৎসাহ দিতে আমি এসেছিলাম।’
শুধু শেওড়াপাড়া নয় রাজধানীর গুরুত্বপূর্ণ সড়ক, বিশ্ববিদ্যালয়, কলেজ-স্কুলসহ সবখানেই এখন রং-তুলিতে নতুন কিছু করতে দেখা যাচ্ছে শিক্ষার্থীদের। বাদ যায়নি জাতীয় সংসদ ভবনের রাস্তাও। শিক্ষার্থীরা দেয়াল জুড়ে রাজনীতিসহ বিভিন্ন কোম্পানির বিজ্ঞাপন মুছে বিপ্লব, অসাম্প্রদায়িক বাংলাদেশ, সংগ্রাম ও ছাত্র-জনতার বিরুত্বের চিত্র ফুটিয়ে তুলছেন। যা ইতিমধ্যে রাস্তাগুলোর পাশে দৃশ্যমান। শুধু রাজধানী নয় জেলা শহরগুলোতেও একই দৃশ্য চোখে পড়ছে।
