বাংলাদেশ ব্যাংকের গভর্নরের পদত্যাগের কারণে প্রয়োজনীয় অর্থনৈতিক কর্মকাণ্ড পরিচালনায় ডেপুটি গভর্নরদের দায়িত্ব দিয়েছে অর্থ মন্ত্রণালয়। এক্ষেত্রে গভর্নরের দৈনিক ডাক (চিঠি বণ্টন) দেখবেন ডেপুটি গভর্নর নূরুন নাহার।
আজ রবিবার অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের উপসচিব আফসানা বিলকিসের সই করা এক অফিস আদেশে বাংলাদেশ ব্যাংককে বিষয়টি জানিয়ে দেওয়া হয়েছে।
অফিস আদেশে বলা হয়, বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদারের পদত্যাগের কারণে ১১ আগস্ট থেকে নতুন গভর্নরের যোগ দেওয়ার আগ পর্যন্ত দৈনন্দিন কার্যক্রম অব্যাহত রাখার স্বার্থে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নররা স্ব স্ব ক্ষেত্রে তাদের দৈনন্দিন কার্যক্রম সম্পাদন করবেন।
এতে আরও বলা হয়, ডেপুটি গভর্নর নূরুন নাহার গভর্নরের দৈনিক ডাক দেখবেন এবং সংশ্লিষ্ট বিভাগে প্রেরণ করবেন।
গত ৫ আগস্ট শেখ হাসিনার সরকারের পতনের পর ৭ আগস্ট সকালে বাংলাদেশ ব্যাংকে বিক্ষোভ করেন আন্দোলনরত কর্মকর্তারা। এ সময় কার্যালয় থেকে বের হয়ে যান দুই ডেপুটি গভর্নর খোরশেদ আলম, ড. হাবিবুর রহমান, চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া কেন্দ্রীয় ব্যাংকের উপদেষ্টা আবু ফরাহ মো. নাসের ও বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) প্রধান মাসুদ বিশ্বাস। অপর দুই ডেপুটি গভর্নর কাজী সাইদুর রহমান ও নুরুন নাহার চাকরি থেকে পদত্যাগ করতে বাধ্য হন।
মেট্রোরেল চালু কবে, জানাল কর্তৃপক্ষ
সাকিবকে নিয়েই পাকিস্তান সফরের দল ঘোষণা