দিনাজপুর সদর উপজেলায় এক চালককে ছুরিকাঘাত করে ইজিবাইক ছিনতাইয়ের চেষ্টার ঘটনা ঘটেছে। এ ঘটনায় দুই ছিনতাইকারীকে আটক করে গণপিটুনি দিয়েছে স্থানীয়রা। পরে তাদের হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। গত শনিবার রাতে সদর উপজেলার আউলিয়াপুর ইউনিয়নের নওশনদিঘি এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন দিনাজপুর শহরের নিমনগর বালুবাড়ী এলাকার সাব্বিরের ছেলে শুভ মেরাজ (২০) ও উপশহর ৪ নম্বর ব্লকের জুয়েলের ছেলে তারেক (১৭)। এ ঘটনায় গুরুতর আহত ইজিবাইকের চালককে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাৎক্ষণিকভাবে ইজিবাইকচালকের নাম ও পরিচয় জানা যায়নি।
স্থানীয়রা জানান, রাতে দুই ছিনতাইকারী একটি ইজিবাইক ভাড়া করে রামসাগরের পেছনে যাওয়ার সময় চালককে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে ইজিবাইক নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় চালকের চিৎকারে স্থানীয়রা ইজিবাইকসহ দুই ছিনতাইকারীকে আটক করে গণপিটুনি দেয়। গুরুতর আহত অবস্থায় তিনজনকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুই ছিনতাইকারীকে মৃত ঘোষণা করেন।
