বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শুরু থেকেই শিক্ষার্থীদেরকে সমর্থন জানিয়ে এসেছেন জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধন। এমন কী শিক্ষার্থীদের হয়ে নেমেছেন রাজপথেও। কখনো ফার্মগেট, কখনো শাহবাগ আবার কখনোবা শহীদ মিনারে ছাত্র-জনতার সঙ্গে। এ কারণে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিদ্রূপের শিকার হয়েছেন, এমনকি হত্যার হুমকি পর্যন্ত পেয়েছেন রেহানা মরিয়ম নূর’খ্যাত এই অভিনেত্রী।
এ বিষয়ে বাঁধন বলেন, ‘আমি যেদিন থেকে ছাত্রদের যৌক্তিক আন্দোলনে মাঠে নামি, ওই দিন থেকেই আমাকে ফোনে, খুদে বার্তায়, ফেসবুকে মেরে ফেলার হুমকি দিয়ে আসছিল। অ্যাসিডও মারতে চেয়েছে। আমি ভয় পাইনি। কারণ, একসঙ্গে আন্দোলনের দিনগুলোতে ছাত্র-ছাত্রীদের চোখে-মুখে যে আগুন দেখেছি, আমি নিজেই তাদের কাছ থেকে সাহস সঞ্চয় করেছি।’
তিনি আরও বলেন, ‘বলতেও খুব খারাপ লাগে, সহশিল্পীদের মধ্যে অনেকের সঙ্গে আমার কাজও হয়েছে, তারা ছাত্রদের পক্ষে মাঠে তো ছিলেনই না, উল্টো আমাকে ভয় দেখিয়েছেন, ব্যঙ্গবিদ্রূপ করেছেন। তাদের এমন কাজে কষ্ট পেয়েছিলাম। তবে তাদের প্রতি আমার এখন কোনো বিদ্বেষ নাই। প্রতিহিংসা মানুষ, দেশকে পিছিয়ে দেয়।’
‘শিল্পীর দায়িত্ব শুধু বিনোদন দেয়া নয় বরং সময়ের সত্যকে তুলে ধরা’