সারা দেশে ৬২৮টি থানার কার্যক্রম চালু হয়েছে। আজ সোমবার (১২ আগস্ট) বিকালে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে পুলিশ হেডকোয়ার্টার্স।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আজ সোমবার (১২ আগস্ট) বিকাল পর্যন্ত সারা দেশের সর্বমোট ৬৩৯টি থানার মধ্যে ৬২৮টি থানার কার্যক্রম শুরু হয়েছে। মেট্রোপলিটনের ১১০টি থানার মধ্যে ১০৮টি এবং জেলার ৫২৯টি থানার মধ্যে ৫২০টি থানার কার্যক্রম শুরু হয়েছে।
বিজ্ঞাপ্তিতে আরও বলা হয়, নন-অপারেশনাল ১১টি থানা সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হওয়ায় এবং প্রয়োজনীয় লজিস্টিকস্, আসবাবপত্রসহ অন্যান্য সকল সরঞ্জামাদি ধ্বংসপ্রাপ্ত হওয়ায় এসব থানার কার্যক্রম শুরু করা সম্ভব হয়নি। তবে আগামী ২-৩ দিনের মধ্যে এই ১১টি থানার কার্যক্রম শুরু করা সম্ভব হবে।
ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে গত সোমবার (৫ আগস্ট) আওয়ামী লীগ সরকারের পতনের পর সারা দেশে বিক্ষুব্ধ জনতা বিভিন্ন থানায় অগ্নিসংযোগ ও ভাঙচুর করে। এ অবস্থায় বন্ধ হয়ে যায় দেশের সকল থানার কার্যক্রম।
