সাবেক তথ্য প্রতিমন্ত্রী ও ভূমিমন্ত্রীর ব্যাংক হিসাব স্থগিত

আপডেট : ১৩ আগস্ট ২০২৪, ০৬:৪৮ এএম

সদ্য সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, তার স্ত্রী ও তাদের মালিকানাধীন ব্যবসাপ্রতিষ্ঠানের ব্যাংক হিসাবে লেনদেন স্থগিত করার আদেশ দেওয়া হয়েছে। এ ছাড়া সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাভেদ ও তার পরিবারের সদস্যদের ব্যাংক হিসাবও স্থগিতের নির্দেশনা এসেছে। গতকাল সোমবার বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা বিভাগ (বিএফআইইউ) এ নির্দেশ দিয়েছে। সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কাছে এই নির্দেশনা পাঠিয়ে দেওয়া হয়েছে।

বিএফআইইউর নির্দেশনায় বলা হয়েছে, মোহাম্মদ আলী আরাফাত ও তার স্ত্রী শারমিন মুশতারী এবং তাদের মালিকানাধীন ব্যবসাপ্রতিষ্ঠানের নামে কোনো ব্যাংক হিসাব পরিচালিত হলে আগামী ৩০ দিনের জন্য সেগুলোর লেনদেন স্থগিত করার নির্দেশ দেওয়া হলো। অর্থ পাচার নিরোধ-সংক্রান্ত ২০১২ সালের মানি লন্ডারিং প্রতিরোধ আইন অনুযায়ী এ আদেশ দেওয়া হয়।

মোহাম্মদ আলী আরাফাত ঢাকার একটি আসনের সংসদ সদস্য ছিলেন। ৫ আগস্ট শেখ হাসিনা দেশ ছাড়ার পর সাবেক এই প্রতিমন্ত্রীকে জনসমক্ষে দেখা যায়নি। তিনি কোথায় আছেন, সে সম্পর্কেও কোনো তথ্য পাওয়া যায়নি।

এদিকে পৃথক আরেক চিঠিতে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাভেদ, তার স্ত্রী রুখমিলা জামান চৌধুরী, তাদের পুত্র-কন্যা ও তাদের নামে থাকা প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব স্থগিত করা হয়েছে। এসব হিসাবে আগামী ৩০ দিন কোনো লেনদেন করা যাবে না। এমনকি তাদের নামে থাকা ক্রেডিট কার্ডেও লেনদেন হবে না।

রুখমিলা জামান চৌধুরী বেসরকারি খাতের ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবি) চেয়ারম্যান। সাইফুজ্জামান চৌধুরী জাভেদ ২০১৮ থেকে ২০২৩ সাল পর্যন্ত আওয়ামী লীগ সরকারের ভূমিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। বিদেশে বিপুল সম্পদ গড়ার অভিযোগ ওঠার পর তাকে বিদায়ী সরকারে মন্ত্রী হিসেবে দেখা যায়নি।

সরকারের পতনের পর ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংককে সাবেক মন্ত্রী ও তার পরিবারের নিয়ন্ত্রণমুক্ত করার দাবিতে আন্দোলন শুরু করেছেন ব্যাংকের দেড় শতাধিক শেয়ারধারী। গত বৃহস্পতিবার গুলশানে ইউসিবির প্রধান কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে তারা এ দাবি জানান। এ সময় তারা বিভিন্ন ফেস্টুন প্রদর্শন করে সাবেক ভূমিমন্ত্রীর ‘বিদেশে অর্থ পাচার’ ও ব্যাংকটির নানা অনিয়ম নিয়ে অভিযোগ উত্থাপন করেন।

বাংলাদেশ ব্যাংকে পাঠানো এক চিঠিতে ব্যাংকটির কিছু শেয়ারধারী জানিয়েছেন, রুখমিলা জামান ব্যাংকের চেয়ারপারসন হলেও কার্যত সাইফুজ্জামান চৌধুরী চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন এবং তার ‘স্বেচ্ছাচারিতা ও লুটপাটের কারণে’ ব্যাংকটি আজ দেউলিয়া হওয়ার পথে। ওই চিঠিতে অভিযোগ করা হয়, সাইফুজ্জামান চৌধুরীর যুক্তরাজ্যে ১ হাজার ৮৮৮ কোটি টাকার সম্পদ রয়েছে, যা এই ‘ব্যাংকের আমানতকারীদের টাকা লুট করে পরিশোধ করা হয়েছে’।

বিএফআইইউ বলেছে, কোনো হিসাব স্থগিত করা হলে হিসাবসংশ্লিষ্ট তথ্য বা দলিল, যেমন হিসাব খোলার ফরম, কেওয়াইসি ও লেনদেন বিবরণী ইত্যাদি চিঠি দেওয়ার তারিখ থেকে তিন কার্যদিবসের মধ্যে তাদের কাছে পাঠানোর জন্য ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোকে অনুরোধ করা হয়েছে। লেনদেন স্থগিত করার এই নির্দেশের ক্ষেত্রে মানি লন্ডারিং প্রতিরোধ বিধিমালা, ২০১৯-এর ২৬(২) ধারা প্রযোজ্য হবে বলে বিএফআইইউর চিঠিতে বলা হয়েছে।

এর আগে শেখ হাসিনা সরকারের পতনের পর গত রবিবার পররাষ্ট্রমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ হাছান মাহমুদ, তার স্ত্রী ও মেয়ের ব্যাংক হিসাব জব্দ করার নির্দেশ দেওয়া হয়েছিল। গতকাল এই দুই মন্ত্রী-প্রতিমন্ত্রী ও তাদের পরিবারের ব্যাংক হিসাব স্থগিত করা হলো।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত