বাংলাদেশ সেনাবাহিনীর উচ্চ পর্যায়ের রদবদলের ধারাবাহিকতায় এবার পরিবর্তন এসেছে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) শীর্ষ পদেও। এনএসআইয়ের নতুন মহাপরিচালকের (ডিজি) দায়িত্ব দেওয়া হয়েছে মেজর জেনারেল আবু মোহাম্মদ সরোয়ার ফরিদকে, তিনি সর্বশেষ বাংলাদেশ মিলিটারি একাডেমির (বিএমএ) কমান্ড্যান্টের দায়িত্ব পালন করছিলেন। গতকাল মঙ্গলবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
আবু মোহাম্মদ সরোয়ার ফরিদ এনএসআই প্রধান পদে মেজর জেনারেল মো. হোসাইন আল মোরশেদের স্থলাভিষিক্ত হচ্ছেন। চার মাস আগে মেজর জেনারেল মোরশেদকে এনএসআইয়ের ডিজির দায়িত্ব দেওয়া হয়েছিল।
অন্যদিকে বিএমএর নতুন কমান্ড্যান্ট হয়েছেন মেজর জেনারেল খন্দকার মো. শহিদুল ইমরান। তিনি সর্বশেষ রাজশাহী সেনানিবাসে বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টাল সেন্টারের (বিআইআরসি) কমান্ড্যান্টের দায়িত্ব পালন করছিলেন।
আর মিরপুরে ডিফেন্স সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজের (ডিএসসিএসসি) কমান্ড্যান্টের দায়িত্ব দেওয়া হয়েছে মেজর জেনারেল মোহাম্মদ আসাদুল্লাহ মিনহাজুল আলমকে। তিনি এতদিন ছিলেন মেশিন টুলস ফ্যাক্টরির ব্যবস্থাপনা পরিচালক।
এর আগে গত সোমবার ডিএসসিএসসি কমান্ড্যান্ট হিসেবে দায়িত্ব পালন করে আসা মেজর জেনারেল মো. ফয়জুর রহমানকে প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) মহাপরিচালক করা হয়।
