মাদারীপুর জেলার শিবচরে নিখোঁজের ৬ ঘন্টা পর কলেজছাত্রের লাশ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (১৩ আগস্ট) সন্ধ্যায় শিবচর পৌরসভার চরশ্যামাইল এলাকার জয় বাংলা ব্রিজ সংলগ্ন ময়নাকাটা নদী থেকে রাকিব খানের লাশ উদ্ধার করা হয়।
নিহত রাকিব খান (২৪) শিবচর উপজেলার শিরুয়াইল ইউনিয়ন চরশ্যামাইল গ্রামের জসিম খানের ছেলে। সে স্থানীয় সরকারি বরহামগঞ্জ কলেজের একাদশ শ্রেণির ছাত্র ছিল।
জানা যায়, মঙ্গলবার (১৩ আগস্ট) দুপুর ১টার দিকে বাড়ি থেকে বের হয় কলেজছাত্র রাকিব খান। পরে আর ফিরে আসেনি। পরে বাড়িতে ফিরে না আসলে পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করে। এক পর্যায়ে সন্ধ্যা ৭টার দিকে শিবচর উপজেলার জয় বাংলা ব্রিজ সংলগ্ন ময়নাকাটা নদীতে রাকিবকে ভাসতে দেখেন স্থানীয়রা। পরে পরিবারের লোকজন খবর দেয়া হলে রাকিবকে উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তৃব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তবে, প্রাথমিকভাবে মৃত্যুর কারণ সম্পর্কে কিছুই না জানালেও রাকিবের হাতে সাপেকাটা চিহ্ন রয়েছে বলে জানিয়েছেন চিকিৎসক।
শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুব্রত কুমার গোলদার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
