অ্যাডিলেড স্ট্রাইকার্সের কাছে পাত্তাই পেল না বাংলাদেশ এইচপি

আপডেট : ১৪ আগস্ট ২০২৪, ০১:২৩ পিএম

বিগ ব্যাশের দল অ্যাডিলেট স্ট্রাইকার্সের কাছে পাত্তাই পেল না বাংলাদেশ হাই পারফর্মেন্স (এইচপি) ইউনিট। আগে ব্যাট করে বাংলাদেশ ১৪৭ রান তুললে ৮ উইকেট এবং ১৪ বল হাতে রেখেই লক্ষ্যে পৌঁছে যায় অ্যাডিলেড। বিস্ফোরক ফিফটি উপহার দেন অ্যাডিলেডের ওপেনার জ্যাক উইন্টার।

অস্ট্রেলিয়ার মারারা ক্রিকেট গ্রাউন্ডে টস হেরে ব্যাটিংয়ে নামা বাংলাদেশ শুরুতেই বিপদে পড়ে। তানজিদ হাসান তামিম ৫ বলে ১ আর পারভেজ ইমন ৫ বলে একটি বাউন্ডারিতে ৮ রান করে আউট হয়ে যান। আরেক ওপেনার জিসান আলম করেন ২১ বরে ২৬। মিডল অর্ডারে আকবর আলী ৩৫ বলে ৩৬ আর শামীম পাটোয়ারী ৩২ বলে ৪২ রান করলে  বাংলাদেশ লড়াই করার মতো স্কোর পায়। শেষে মাহফুজুর ৭ বলে ১৬ রানের ক্যামিও খেলেন।

জবাবে ব্যাটিংয়ে নেমে ইনিংসের তৃতীয় বলেই উইকেট হারিয়েছিল অ্যাডিলেড। রিপন মন্ডলের বলে ‘গোল্ডেন ডাক’ মারেন জস কান। এরপর জ্যাক উইন্টারের সঙ্গে ৬৮ বলে ৮৩ রানের জুটি গড়েন নোয়া ম্যাকফ্যাডিয়েন (৩৮)। আবু হায়দার রানি এই জুটি ভাঙেন। তবে ৫৪ বলে ৮২ রান করা উইন্টার অ্যাডিলেডের জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন। ১৯ বলে ২৩ রানে অপরাজিত থাকেন হামিশ কেস।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত