দর্শকশূন্য স্টেডিয়ামে বাংলাদেশের করাচি টেস্ট

আপডেট : ১৪ আগস্ট ২০২৪, ০৫:৫৭ পিএম

পাকিস্তান সফরে বাংলাদেশ টেস্ট খেলবে দুটি। যার দ্বিতীয়টির ভেন্যু করাচি। ৩০ আগস্ট থেকে শুরু টেস্টটি হবে বদ্ধ স্টেডিয়ামে। পাকিস্তান ক্রিকেট বোর্ডের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।  

করাচি স্টেডিয়ামের সংস্কার কাজের জন্য এখন দর্শকদের গ্যালারিতে প্রবেশ করানো যাবে না জানিয়ে পিসিবি বলেছে 'ভক্তদের নিরাপত্তার ব্যাপারটা সর্বোচ্চ অগ্রাধিকার। আমরা সব কিছু বিবেচনায় নিয়ে সিদ্ধান্ত নিয়েছি যে নিরাপত্তার বিষয়টা আগে গুরুত্ব দেব, সেজন্য করাচিতে দ্বিতীয় টেস্ট হবে ফাঁকা গ্যালারিতে।'

অবশ্য ২১ আগস্ট থেকে রাওয়ালপিন্ডিতে হতে যাওয়া বাংলাদেশ-পাকিস্তান সিরিজের প্রথম টেস্টে দর্শকরা গ্যালারিতে প্রবেশ করার সুযোগ পাবেন। দুই টেস্টের সিরিজ খেলতে বাংলাদেশ দল এখন লাহোরে অবস্থান করছে। গাদ্দাফি স্টেডিয়ামে অনুশীলনও করেছে শান্ত-সাকিবরা।

২০২৫ সালের চ্যাম্পিয়নস ট্রফির আয়োজক দেশ পাকিস্তানে। এই টুর্নামেন্ট কেন্দ্র করে লাহোরের গাদ্দাফি স্টেডিয়াম, করাচির জাতীয় স্টেডিয়ামে সংস্কার কাজ চলছে। ১৯৯৬ সালের পর ভেন্যুগুলোতে হবে আইসিসির কোন বৈশ্বিক আসর।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত