ধানমন্ডি ৩২ নম্বরে রোকেয়া প্রাচী

আপডেট : ১৫ আগস্ট ২০২৪, ০২:৩৩ এএম

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ঘিরে সব হত্যার বিচারের দাবিতে ধানমন্ডি ৩২ নম্বরে অবস্থিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়িতে অবস্থান নিয়েছেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী রোকেয়া প্রাচী। গতকাল বুধবার এক ফেসবুক পোস্টে বিষয়টি নিশ্চিত করেছেন তিনি।

ধানমন্ডি ৩২ নম্বরের বাড়িটি এখন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। আর এই বাড়িতে অবস্থান নিয়ে রোকেয়া প্রাচী ফেসবুকে লিখেছেন, ‘আছি ধানমন্ডি ৩২। হোক সব হত্যার, সব নৈরাজ্যের বিচার।’

তিনি আরও লিখেছেন, ‘বিচার হোক বাঙালির ইতিহাস হত্যার, আছি। আমরাও বিচার চাই। শান্তিপূর্ণ প্রতিবাদে স্মরণ করব স্বাধীনতা এবং বঙ্গবন্ধুর ইতিহাস। আছি পুড়ে যাওয়া ৩২-এ।’

এদিকে, ছাত্র-জনতার গণ-আন্দোলনের মুখে পদত্যাগ করে দেশ ছেড়েছেন শেখ হাসিনা। তার দেশ ছাড়ার খবর প্রকাশ্যে আসার পরই আওয়ামী লীগ এবং দলটির সহযোগী অঙ্গসংগঠনের নেতাকর্মীরা দেশছাড়াসহ আত্মগোপনে চলে যান। সামাজিক যোগাযোগমাধ্যমেও তাদের উপস্থিতি খুব একটা নেই। তবে এখনো সরব আছেন আওয়ামী লীগের কর্মী ও অভিনেত্রী রোকেয়া প্রাচী।

এর আগে ফেসবুকে রোকেয়া প্রাচী ঘোষণা দেন, ১৫ আগস্ট শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকীতে মিছিল নিয়ে ধানমন্ডি ৩২ নম্বরে উপস্থিত হওয়ার। একটি ছবি শেয়ার করে ক্যাপশনে তিনি লিখেছেন, ‘আমরা জেগে উঠব এই ধ্বংস থেকে। জেগে উঠব আগুনে পোড়া ৩২-এর এই ঘর থেকে। জেগে উঠব নিভে যাওয়া ছাই থেকে। জ্বালিয়ে পুড়িয়ে ভেবেছ সব সাহস পুড়েছে? পুড়েছ তোমরা! আমরা বাঙালি এই ছাইভস্ম থেকেই উঠব আবার আগুন হয়ে জেগে! জয় বাংলা জয় বঙ্গবন্ধু।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত