স্বরাষ্ট্র সচিব জাহাংগীর আলমকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। এ ছাড়া জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিমসহ চুক্তি ভিত্তিতে থাকা সিনিয়র সচিব ও সচিব পদমর্যাদার ১০ জনের নিয়োগ বাতিল করা হয়েছে। একই দিনে স্বরাষ্ট্র সচিব পদে মোকাব্বির হোসেন এবং এনবিআর চেয়ারম্যান পদে আবদুর রহমান খানকে বদলি করা হয়েছে। গতকাল বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয় এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে।
স্বরাষ্ট্র সচিব জাহাংগীর আলম চলতি বছরের ৭ জানুয়ারি অনুষ্ঠিত বিতর্কিত সংসদ নির্বাচনের সময় নির্বাচন কমিশন সচিবের দায়িত্বে ছিলেন। শেখ হাসিনা সরকারের পতনের পর তাকে অপসারণের দাবি জানায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। তার বিরুদ্ধে ১২তম জাতীয় সংসদ নির্বাচনে ভোট কারচুপি এবং আওয়ামী লীগ সরকারকে পুনরায় ক্ষমতায় আনার চেষ্টার অভিযোগ তোলা হয়।
গতকাল চুক্তি বাতিল হওয়া সচিবরা হলেন বিনিয়োগ উন্নয়ন বোর্ডের নির্বাহী চেয়ারম্যান (সিনিয়র সচিব) লোকমান হোসেন মিয়া, জাতীয় সংসদের সিনিয়র সচিব কেএম আব্দুস সালাম, পরিকল্পনা বিভাগের সচিব সত্যজিত কর্মকার, বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোকাম্মেল হোসেন, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এ বি এম আমিনুল্লাহ নূরী, রেলপথ মন্ত্রণালয়ের সচিব হুমায়ুন কবীর, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব আলী হোসেন এবং কৃষি মন্ত্রণালয়ের সচিব ওয়াহিদা আক্তার।
অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ গত রবিবার আটটি সিদ্ধান্ত নেয়। এর মধ্যে বিভিন্ন পদে থাকা চুক্তিভিত্তিক সব নিয়োগ বাতিলের সিদ্ধান্তও আছে।
নতুন স্বরাষ্ট্র সচিব মোকাব্বির : বাংলাদেশ জ্বালানি ও বিদ্যুৎ গবেষণা কাউন্সিলের চেয়ারম্যান মো. মোকাব্বির হোসেনকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব হিসেবে বদলি করা হয়েছে।
মোকাব্বির হোসেন গত বছরের ২৯ নভেম্বর সিনিয়র সচিব পদে পদোন্নতি পান। একই বছরের ১২ জুলাই থেকে তিনি বাংলাদেশ জ¦ালানি ও বিদ্যুৎ গবেষণা কাউন্সিলের চেয়ারম্যান পদে যোগ দেন। এর আগে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের সচিব হিসেবে দায়িত্ব পালন করেন মোকাব্বির হোসেন। ২০২১ সালের ২৩ ফেব্রুয়ারি সচিব হিসেবে পদোন্নতি পেয়ে ভূমি আপিল বোর্ডের চেয়ারম্যান পদে যোগ দেন। এর আগে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও হিসেবেও দায়িত্ব পালন করেন মোকাব্বির হোসেন। অতিরিক্ত সচিব হিসেবে ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে।
সমালোচনার মুখে পদত্যাগ বিটিআরসি চেয়ারম্যানের : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের নির্দেশে ইন্টারনেট সেবা বন্ধ করে দেওয়ার অভিযোগে সমালোচনার মুখে দেশের টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান মো. মহিউদ্দিন আহমেদ পদত্যাগ করেছেন। গতকাল দুপুরের পর তিনি ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব বরাবর পদত্যাগপত্র জমা দেন বলে জানা গেছে। পদত্যাগের কারণ হিসেবে নিজের অসুস্থতার কথা উল্লেখ করেন।
