বিশ্বকাপ আয়োজনে বিসিবি কি সত্যিই ভারতকে অনুরোধ করেছে?

আপডেট : ১৫ আগস্ট ২০২৪, ০২:১৭ পিএম

আগামী অক্টোবরে বাংলাদেশের মাটিতে মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপ হওয়ার কথা আছে। কিন্তু দেশের রাজনৈতিক প্রেক্ষাপটের কারণে সেটা আদৌ সম্ভব হবে কিনা- তা নিয়ে আছে শঙ্কা। এর মাঝেই ভারতের সংবাদমাধ্যম ‘ইন্ডিয়া টুডে’ দাবি করেছে যে, বিসিবি নাকি এই টুর্নামেন্ট আয়োজন করতে ভারতকে অনুরোধ জানিয়েছে। তারা বিসিসিআই সচিব জয় শাহর একটা বক্তব্যও প্রকাশ করেছে। কিন্তু আসলে ব্যাপারটা কী?

বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তী সরকারের ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সম্প্রতি বলেছেন, তারা টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজনের জন্য চেষ্টা করছেন। তবে ইন্ডিয়া টুডে জয় শাহর বক্তব্য প্রকাশ করেছে এভাবে, ‘তারা (বিসিবি) বিসিসিআইকে অনুরোধ করেছে ইভেন্টটি আয়োজন করতে পারবে কি না। কিন্তু আমি স্পষ্টভাবে বলেছি- না। তখন (অক্টোবরে) মৌসুমি বৃষ্টিপাত থাকবে এবং আগামী বছর আমরা মেয়েদের ওয়ানডে বিশ্বকাপ আয়োজন করব। পরপর দুটি বিশ্বকাপ আয়োজন করার ধারণাটি আমি দিতে চাই না।’

এদিকে ক্রিকেট বিষয়ক জনপ্রিয় দুই ওয়েবসাইট ‘ক্রিকবাজ’ ও ‘ইএসপিএনক্রিকইনফো’ দাবি করেছে যে, বিসিবি নয়; মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজনের জন্য বিসিসিআইকে অনুরোধ করেছে ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আইসিসি! অবশ্য গত ৫ আগস্ট জানা গিয়েছিল, বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতার কারণে আইসিসি বিশ্বকাপের জন্য বিকল্প ভেন্যুর কথা ভাবছে, যাতে সংযুক্ত আরব আমিরাত ও শ্রীলঙ্কার পাশাপাশি ভারতের নামও ছিল।

আগামী ৩ থেকে ২০ অক্টোবর পর্যন্ত ১০ দলের এই আসর হওয়ার কথা। দেশে রাজনৈতিক পট পরিবর্তনের কারণে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনসহ অনেক বোর্ডকর্তা আত্মগোপনে আছেন। তবে বৃহস্পতিবার বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী দেশের একটি শীর্ষ গণমাধ্যমকে নিশ্চিত করেছেন, তারা বিসিসিআইকে বিশ্বকাপ আয়োজনের জন্য কোনো অনুরোধ করেননি। এখন পর্যন্ত এ বিষয়ে ভিন্ন কোনো সিদ্ধান্তও আসেনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত