শেখ হাসিনাকে দেশে ফেরত আনার বিষয়ে যা বললেন পররাষ্ট্র উপদেষ্টা

আপডেট : ১৬ আগস্ট ২০২৪, ১০:৩৫ এএম

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে একের পর এক অভিযোগ ও মামলার পরিপ্রেক্ষিতে তাঁকে ভারত থেকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে কথা বলেছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, ‘সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত আনতে ভারতকে অনুরোধ করা হবে কি না, সে বিষয়ে সরকার সিদ্ধান্ত নেবে।’ 

পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘শেখ হাসিনার বিরুদ্ধে অনেক মামলা হচ্ছে। স্বরাষ্ট্র ও আইন মন্ত্রণালয় যদি সিদ্ধান্ত নেয়, তাহলে আমাদের তাদের (ভারতকে) অনুরোধ করতে হবে তাকে (শেখ হাসিনাকে) বাংলাদেশে ফেরত পাঠাতে।’

তিনি বলেন, ‘এটি ভারত সরকারের জন্য বিব্রতকর হবে। ভারত এটি জানে এবং আমি নিশ্চিত যে তারা এ বিষয়ে খেয়াল রাখবে।’ এ বিষয়ে জানতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করা হলে তারা তাৎক্ষণিকভাবে কোনো জবাব দেয়নি। 

ছাত্র-জনতার গনআন্দোলনের মুখে গত ৫ আগস্ট শেখ হাসিনা প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করে দেশত্যাগ করে ভারতে গিয়ে আশ্রয় নেন। ইতোমধ্যে তার বিরুদ্ধে হত্যা মামলাসহ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গণহত্যার অভিযোগে মামলা হয়েছে। ‍এসব মামলায় শেখ হাসিনা সরকারের সাবেক মন্ত্রী ও উপদেষ্টাদের মধ্যে অন্তত তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত