বিএনপির স্থায়ী কমিটিতে হাফিজ জাহিদ

আপডেট : ১৭ আগস্ট ২০২৪, ০৭:১৪ এএম

বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সদস্য হয়েছেন দলটির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীরবিক্রম ও অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন। গতকাল শুক্রবার দুপুরে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমকে এ তথ্য জানান। হাফিজ উদ্দিন ও জাহিদ হোসেনসহ এখন দলটির স্থায়ী কমিটির সদস্য হলেন ১৬ জন।

গতকাল রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দলের গঠনতন্ত্রের ক্ষমতাবলে তাদের স্থায়ী কমিটির সদস্য নির্বাচিত করেছেন।

হাফিজ উদ্দিন আহমেদ ভোলা-৩ আসন থেকে ছয়বার জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন। ১৯৯১ সালে স্বতন্ত্র সংসদ সদস্য হয়ে পরে বিএনপিতে যোগ দেন। বিএনপি সরকারের সময় মন্ত্রী ছিলেন তিনি।

অধ্যাপক জাহিদ হোসেন পেশায় চিকিৎসক। ময়মনসিংহ মেডিকেল কলেজে পড়া অবস্থায় তিনি জাতীয়তাবাদী ছাত্রদলের রাজনীতির সঙ্গে যুক্ত হন। পরে তিনি বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন এবং বিএনপিপন্থি চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) মহাসচিব ছিলেন। বর্তমানে তিনি সম্মিলিত পেশাজীবী পরিষদের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জন্য অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে যে বিশেষজ্ঞ মেডিকেল বোর্ড রয়েছে সেটির অন্যতম সদস্যও তিনি।

হাফিজ ও জাহিদ ছাড়া বিএনপির স্থায়ী কমিটির অন্য সদস্যরা হলেন দলের চেয়ারপারসন খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার, ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সালাউদ্দিন আহমেদ, সেলিমা রহমান ও ইকবাল হাসান মাহমুদ টুকু।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত